কাজল-করনের মনোমালিন্য

কাজল আর করন জোহরের সম্পর্ক খুব খারাপ এখন। একসময় তাঁদের মধ্যে ছিল নিবিড় বন্ধুত্ব। এখন একে অন্যের সঙ্গে কথা বলেন না। এমনকি এক অনুষ্ঠানে উপস্থিত হলেও এড়িয়ে যান।
এই দুজনের বন্ধুত্বে ফাটল ধরেছে—এ খবর বেশ কিছুদিন আগে দিয়েছিলেন কাজলের জীবনসঙ্গী অজয় দেবগন। কেন ভেঙে পড়ল সম্পর্ক, তা নিয়ে মিডিয়ায় ছিল নানা জল্পনা-কল্পনা। কিন্তু কেউ জানতে পারছিল না, কী এমন ঘটেছে, যার জন্য তাঁরা একে অপরের সামনেই যেতে চাইছেন না! এবার সে কারণটাও জানালেন অজয়। বললেন, এটা একেবারেই ব্যক্তিগত বিষয়।
সমস্যার শুরু হয়েছে বছর দেড়েক আগে। সে সময় এক পার্টিতে কাজল সম্পর্কে জঘন্য মন্তব্য করেছিলেন করন। সে সময় কাজল সেখানে ছিলেন না। পরে অন্যভাবে এ খবর পৌঁছে যায় কাজলের কানে। আর তাতে করণ সম্পর্কে যে বিশ্বাস ছিল কাজলের, তা ভেঙে যায়।
এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কাজল বলেন, ‘এসব ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর বয়স পেরিয়ে এসেছি আমি। প্রত্যেকেই তাঁর নিজের মতামত জানাতে পারেন।’
তবে, অচিরেই যে এই মনোমালিন্যের অবসান হচ্ছে না তা বোঝা গেছে একটি ঘটনায়। করন জোহরের সদ্য মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করার অনুরোধ রাখেননি কাজল।
আরও একটি তথ্য, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে আজ শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘শিবায়’ ছবিটিও। ইন্ডিয়া টুডে