কাজল শাহরুখের 'বন্ধু' নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও কাজল
শাহরুখ খান ও কাজল

বলিউডের ‘সুপার স্টার’ শাহরুখ খানের সঙ্গে পর্দায় এবং পর্দার বাইরে তারকা অভিনেত্রী কাজলের ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু কাজল প্রসঙ্গে সম্প্রতি এক অবাক করা কথাই বলেছেন ‘কিং খান’ শাহরুখ। তিনি জানিয়েছে কাজলকে ‘বন্ধু’ ভাবতে তাঁর অবাকই লাগে!

অবশ্য, শাহরুখের এই কথায় সবাই বিস্মিত হয়ে পড়লে তিনি বলেন, ‘আসলে কাজল আমার এতটাই ঘনিষ্ঠ যে তাঁকে শুধু ‘বন্ধু’ হিসেবে পরিচয় দিতে আমার অস্বাভাবিক লাগে।’
এ প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, তা প্রায় ২০ থেকে ২২ বছর তো হয়েই গেল; আমাদের দুজনের ক্যারিয়ারের।’সম্প্রতি ‘দিলওয়ালে’ ছবির গেরুয়া গানটির প্রকাশনা উৎসবে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান ও ‘দিলওয়ালে’ ছবির দল। এই অনুষ্ঠানে কথা প্রসঙ্গে শাহরুখ জানান, তাঁদের দুজনের সম্পর্কটি অসাধারণ উষ্ণ আর আন্তরিক। এবং তাঁদের এই সম্পর্কটির মধ্যে এক ধরনের সারল্য আছে।

কাজল ও তাঁর সম্পর্ক নিয়ে শাহরুখ খান জানিয়েছেন, তাঁদের দুজনের সম্পর্কটি খুব সহজ ও স্বাভাবিক। এই সম্পর্কের মধ্যে চমৎকার এক বোঝাপড়াও আছে। তিনি বলেন, যদি আজ পেছনে ফিরে তাকাই, যেখান থেকে আমাদের সম্পর্কের শুরু হয়েছিল; দেখব, সেখানে স্বাভাবিক এক উষ্ণতা, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, আর মমতাই আছে।
কাজলের প্রতি ‘কিং খান’ শাহরুখের এই গভীর ভালোবাসা বলিউড ও বলিউডের বাইরে এই জুটির ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা কমবেশি সবাই জানেন।

বলিউডের এই জনপ্রিয় তারকা জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে ‘দিলওয়ালে’ ছবিতে। দীর্ঘ পাঁচ বছর পর ‘দিলওয়ালে’ ছবিতে জুটি হয়েছেন শাহরুখ-কাজল। এ বছর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির ২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি। ‘বাজিগর’, ‘করণ-অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’ এই জুটি অভিনীত প্রতিটি ছবিই দুর্দান্ত ব্যবসাসফল এবং জনপ্রিয় হয়েছিল।
এই দুই দশকেরও বেশি সময়ে পর্দায় এবং পর্দার বাইরে তাঁদের দুজনের বন্ধুত্ব আর সম্পর্কের গভীরতা ক্রমশ বেড়েছে। বয়সে ও মননে আরও পরিণত হয়েছেন দুজন। সেই সঙ্গে পরিণত হয়েছে তাঁদের গভীর বন্ধুত্বও। শাহরুখ নিশ্চিত করেই জানেন কাজল তাঁর কতখানি ঘনিষ্ঠ। আর এ কারণেই কাজলকে শুধু ‘বন্ধু’ ভাবতে অবাক লাগে তাঁর। এনডিটিভি। মিড-ডে।