কাজলকে দুঃখ দিল দিলওয়ালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল
কাজল

শাহরুখ-কাজলের ছবি বলে কথা। দর্শক খুশি, খুশি নির্মাতা আর প্রেক্ষাগৃহের মালিকেরাও। ‘দিলওয়ালে’ ছবিটি দেখিয়ে মাত্র দুই সপ্তাহে আয় হয়েছে ৩৬৫ কোটি রুপি! গেল বছরের সব থেকে বেশি আয় করা তিন ছবির দ্বিতীয় অবস্থানে এসেছে ‘দিলওয়ালে’। কিন্তু এই অবস্থান কিংবা জুটির জনপ্রিয়তার প্রমাণ মিললেও ছবি নিয়ে সন্তুষ্ট নন শাহরুখ কিংবা কাজল—এ জুটির কেউই।

দুই দশক আগের কথা, তখন শাহরুখ খান-কাজল জুটির ছবি মানেই সে ছবি হিট। এতকাল পরে আজও সেই ধারা অব্যাহত আছে। কিন্তু মন খারাপ কেন এই জুটির! ছবির অবস্থা নিয়ে শাহরুখ মন্তব্য করেছিলেন, ‘ছবির রিপোর্ট ভালো না।’

আসল ঝামেলাটা অন্যখানে। একই সময়ে মুক্তি পাওয়া রণবীর-দীপিকা জুটির ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি জিতে নিয়েছে এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের অধিকাংশ পুরস্কার। অথচ ‘শাহরুখ-কাজল’কে কিনা সন্তুষ্ট থাকতে হয়েছে শুধু আয়ের অর্থের অঙ্কের দিকে তাকিয়ে? সে কি হয়!

দিন কয়েক আগে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই নাকি খোদ কাজলের কণ্ঠেই এ নিয়ে খেদ ফুটে উঠেছিল।

এ প্রসঙ্গে কাজল বলেছেন, ‘শুধু শাহরুখের অনুরোধ রাখতেই এ ছবিতে অভিনয় করেছি। দিলওয়ালে না করে সুজয় ঘোষের “দুর্গা রানি সিংহ” ছবিতে অভিনয় করলেই ভালো করতাম।’

‘দিলওয়ালে’ ছবির শেষ প্রাপ্তি তবে কাজলের ক্ষোভ! যা হোক ‘দিলওয়ালে’ দুঃখ দিয়েছে কাজলকে। এ ছবি নিয়ে কাজলের মনের ইচ্ছেপূরণ শেষ পর্যন্ত ঘটেনি।


এদিকে বলিউডের ছবি সমালোচক ও বিশ্লেষকেরা জানিয়েছেন, শুধু গান দিয়েই এই রোমান্টিক জুটিকে তুলে ধরা ঠিক মানায় না। এনডিটিভি। মিড-ডে।