কাজলের পর পূজামণ্ডপে রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখার্জিবাড়ির দুর্গাপূজায় রানী মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মুখার্জিবাড়ির দুর্গাপূজায় রানী মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

চাচাতো বোন কাজল ও তানিশা আর চাচি তনুজা মুম্বাইয়ের নর্থ বোম্বে সর্বজনীন পূজায় আসেন গত শুক্রবার ষষ্ঠীতে অর্থাৎ দুর্গোৎসবের শুরুর দিনে। ‘মুখার্জিবাড়ির দুর্গাপূজা’ নামে বেশি পরিচিত এই পূজামণ্ডপে গতকাল শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় আসেন রানী মুখার্জি। এ সময় আরও ছিলেন তাঁর আরেক চাচা দেব মুখার্জি, চাচাতো ভাই অয়ন মুখার্জি ও চাচাতো বোন শর্বাণী মুখার্জি। প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে গোটা মুখার্জি পরিবারে যেন এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মুম্বাইয়ের জুহুর টিউলিপ স্টার হোটেলের বড় অঞ্চল নিয়ে আয়োজিত এই ‘মুখার্জিদের দুর্গাপূজা’ আয়োজন করা হচ্ছে ৭২ বছর ধরে। এ বছর দুর্গোৎসবের জন্য যে মন্দির তৈরি করা হয়েছে, তার ভাবনা হলো স্টোন কাট মন্দির। সাধারণত এ ধরনের মন্দির দেখা যায় দক্ষিণ ভারতে।

হাত নেড়ে দর্শনার্থীদের শুভেচ্ছার জবাব দেন রানী মুখার্জি। এ সময় তাঁর পাশে ছিলেন অয়ন মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
হাত নেড়ে দর্শনার্থীদের শুভেচ্ছার জবাব দেন রানী মুখার্জি। এ সময় তাঁর পাশে ছিলেন অয়ন মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

গতকাল রানী মুখার্জি পরেছিলেন সাদা লিনেন শাড়ি। গলায় মুক্তার মালা, কানে দুল, হাতে শাখা-পলা ও চুরি। সুন্দর সাজগোজের পাশাপাশি রানীর মিষ্টি ব্যবহার মুগ্ধ করেছে পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের। বলিউডের এই অন্যতম জনপ্রিয় তারকা অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। হাত নেড়ে অন্যদের শুভেচ্ছার জবাব দিয়েছেন।

‘মুখার্জিদের দুর্গাপূজা’য় গতকাল আরও আসেন চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ আলী ও অনুরাগ বসু। এই পূজামণ্ডপের বাড়তি আকর্ষণ ছিলেন বলিউডের বরেণ্য অভিনেত্রী জয়া বচ্চন। গতকাল তাঁকে স্বাগত জানান দেব মুখার্জি ও অয়ন মুখার্জি।

বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রানী মুখার্জি বলেন, ‘৭২ বছর ধরে আমাদের পরিবার এই পূজা উদ্‌যাপন করছে। এটা দুর্গা মায়ের আশীর্বাদ। বাবা-মায়েদের পর এখন আমরা একসঙ্গে এই পূজা উদ্‌যাপন করছি। আশা করছি, আমাদের পর আমাদের পরবর্তী প্রজন্ম যেমন আমার মেয়ে, আমার ভাইয়ের দুই ছেলেমেয়েও এই দুর্গাপূজার রীতি চালু রাখবে।’

মা কৃষ্ণা মুখার্জির সঙ্গে রানী মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মা কৃষ্ণা মুখার্জির সঙ্গে রানী মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘মুখার্জিবাড়ির দুর্গাপূজা’র সঙ্গে জড়িয়ে আছে রানী মুখার্জির ছোটবেলার অনেক স্মৃতি। পূজার সময় এখনো মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা। বললেন, ‘দুর্গাপূজা ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। তিন বছর বয়স থেকে আমার পূজার স্মৃতি রয়েছে। পরিবারের প্রত্যেক শিশুকে মঞ্চে পারফর্ম করতে হতো। ওইটুকু বয়স থেকে আমি পূজার মঞ্চে পারফর্ম করতাম। একবার প্রজাপতি সেজেছিলাম, প্রভু কৃষ্ণও সেজেছি, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সংগীতনির্ভর এবং অন্যান্য নাটকে অভিনয় করেছি।’

পাঁচ দিন ধরে এই পূজা উদ্‌যাপন আমাদের পুরো পরিবারকে এক ছাদের নিচে নিয়ে আসে। বছরের এই সময়টাতে নিজেদের সব ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে পুরো পরিবারের সবাই একত্র হই, দেখা হয়, আড্ডা হয়, একসঙ্গে সময় কাটাই। ছোটবেলায় এই পূজার মধ্য দিয়ে আমরা বাঙালিদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। রবীন্দ্রসংগীত, নাচ, গান, নাটক—আরও কত কিছু।

মুম্বাইয়ের নর্থ বোম্বে সর্বজনীন পূজায় আসেন বলিউডের বরেণ্য অভিনেত্রী জয়া বচ্চন। তাঁকে স্বাগত জানান দেব মুখার্জি ও অয়ন মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মুম্বাইয়ের নর্থ বোম্বে সর্বজনীন পূজায় আসেন বলিউডের বরেণ্য অভিনেত্রী জয়া বচ্চন। তাঁকে স্বাগত জানান দেব মুখার্জি ও অয়ন মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

রানী মুখার্জি আরও বলেন, ‘দুর্গাপূজার উৎসবে আমার মা-বাবার প্রথম দেখা এবং প্রেম হয়। একজন সংগীতশিল্পী না আসায় আমার মা তার পরিবর্তে গান গেয়েছিলেন। সেই গান শুনে বাবা তাঁর প্রেমে পড়ে যান।’

‘মুখার্জিবাড়ির দুর্গাপূজা’য় পূজা কমিটি ছাড়াও মুখার্জিদের পরিবারের মধ্য থেকে সপ্তমী, অষ্টমী আর নবমীতে ভোগ স্পনসর করার রেওয়াজ আছে। এই পরিবারের কাজল, রানী মুখার্জি ও অয়ন মুখার্জি এখনো কাজ করছেন বলিউডে। প্রতিবছর তাঁরা আলাদা করে ভোগের দায়িত্ব নেন।

পূজামণ্ডপে ইমতিয়াজ আলী, অনুরাগ বসু ও অয়ন মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
পূজামণ্ডপে ইমতিয়াজ আলী, অনুরাগ বসু ও অয়ন মুখার্জি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দুর্গাপূজা উপলক্ষে এবার রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে নতুন ছবি ‘ওয়ার’। হৃতিক রোশন, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন আর সারা আলী খান অভিনীত ‘ওয়ার’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৫৪ কোটি রুপি। সেই সাফল্য উদ্‌যাপন করছে যশরাজ ফিল্মস। সেই উদ্‌যাপনের অংশ হিসেবে ‘মুখার্জিবাড়ির দুর্গাপূজা’য় এবার নবমীর ভোগ স্পনসর করছেন রানী মুখার্জি। আগামী ১৩ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে রানী মুখার্জি অভিনীত ‘মর্দানি’ ছবির সিক্যুয়াল ‘মর্দানি টু’।