কাজে ফিরলেন ইরফান

প্রায় এক বছর শুটিং থেকে দূরে ছিলেন বলিউড অভিনেতা ইরফান খান। ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন তিনি। সম্প্রতি নিজ দেশে ফিরে ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এবার তাঁদের দিলেন বহু কাঙ্ক্ষিত সুখবর, কাজে ফিরেছেন তিনি।
গতকাল টুইটারে ইরফান জানালেন, পরবর্তী ছবি ‘ইংরেজি মিডিয়াম’-এর শুটিংয়ের জন্য তিনি এখন ভারতের উদয়পুরে আছেন। ইরফান অভিনীত হিন্দি মিডিয়াম ছবির সিক্যুয়েল এটি। ২০১৭ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবির একটি ছিল এটি।
গত শনিবার ইরফান ‘ইংরেজি মিডিয়াম’–এর শুটিং শুরু করেছেন। শুটিংয়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইংরেজি মিডিয়াম ছবিতে ইরফানকে দেখতে কেমন লাগবে, সেটাই দেখা গেল গতকালের টুইটে। ছবিতে তাঁর চরিত্রের নাম চম্পক। টুইটে পোস্ট করা ছবিতে চম্পক একটি মিষ্টির দোকান ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডারের (জিএমবি) সামনে দাঁড়িয়ে আছে।
টুইটে ইরফান লেখেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি। ইংরেজি মিডিয়াম-এর গল্প আপনাদের সামনে আনছি, খুব মজা হবে। খুব শিগগির আসছি, চম্পকজির সঙ্গে। সবাইকে আমোদিত করতে আমি আসছি আবারও।’
ছবিতে আরও আছেন রাধিকা মদন। তিনি ইনস্টাগ্রামে ছবির সেট থেকে প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি দিয়েছেন। গুঞ্জন আছে, কারিনা কাপুর খানকেও ছবিতে দেখা যেতে পারে।
দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ইংরেজি মিডিয়াম পরিচালনা করছেন হোমি আদজানিয়া।
প্রযোজক দীনেশ বিজন বলেন, পুরো দল আবেগপ্রবণ হয়ে পড়েছিল যখন ৫২ বছর বয়সী অভিনেতা ইরফান খান প্রথম শট দিলেন। তিনি বলেন, ‘ইরফানকে ফিরে পাওয়া একটা পরাবাস্তব অনুভূতি। তিনি নিঃসন্দেহে আমাদের সেরা অভিনেতাদের একজন।’ বলিউড হাঙ্গামা ও ফার্স্ট পোস্ট