কাট্টি বাট্টির চুমু প্রতিযোগিতায় পুলিশের বাগড়া!

‘কাট্টি বাট্টি’ ছবিতে অভিনয় করেছেন ইমরান খান ও কঙ্গনা রনৌত। ছবিতে ইমরান-কঙ্গনার বেশ কয়েকটি চুমুর দৃশ্য আছে। সম্ভবত সে কারণেই এ ছবির প্রচারের একটি কৌশল হিসেবে আয়োজন হচ্ছিল চুমু প্রতিযোগিতার। প্রচারের এ এক অভিনব আইডিয়া বটে কিন্তু বাদ সেধেছে মুম্বাই পুলিশ। কাট্টি বাট্টির এই চুমু প্রতিযোগিতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
কাট্টি বাট্টি সিনেমার প্রচারের জন্য এই চুমু প্রতিযোগিতার বিচারক হওয়ারও কথা ছিল ইমরান-কঙ্গনার। কিন্তু সেটিও আর আপাতত হচ্ছে না। এর মধ্যে মুম্বাই কলেজের ৫০ জুটিকে এ প্রতিযোগিতার জন্য নির্বাচনও করা হয়েছিল। কিন্তু এখানেও বিধি বাম। পুলিশের মতো কলেজ কর্তৃপক্ষও এ প্রতিযোগিতায় ভেটো দেয়। পরে কলেজে অনুমতি না পেয়ে এ প্রতিযোগিতার জন্য মুম্বাইয়ের বান্দ্রার একটি স্থানকে বেছে নেয় কর্তৃপক্ষ। কিন্তু সেখানেও অনুমতি মেলেনি পুলিশের। সিনেমার প্রচারের এই অভিনব পদ্ধতির জন্য শুধু যে অনুমতি মেলেনি তা নয়, এরই মধ্যে আয়োজনের জন্য প্রচুর অর্থও ব্যয় হয়ে গেছে।
নিখিল আদভানির পরিচালনায় রোমান্টিক কমেডি ‘কাট্টি বাট্টি’ ছবির ট্রেলার অবমুক্ত হয় ১৪ জুন। চলতি মাসেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া