কানে ঝলমলে ক্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন কালো রঙের পোশাকে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।
৬৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন কালো রঙের পোশাকে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।

৬৮তম কান চলচ্চিত্র উৎসবরে পর্দা উঠেছে গত বুধবার। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রথম দিন মার্কিন ডিজাইনার অস্কার ডে লা রেন্টা’র ডিজাইন করা কালো রঙের চমৎকার গাউনে ক্যাটকে দেখে মুগ্ধ হন সবাই। উৎসবের দ্বিতীয় দিনও এলি সাব ব্র্যান্ডের চোখ ধাঁধানো লাল গাউন পরে লাল গালিচায় হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই ‘ব্যাং ব্যাং’ তারকা।
ল’রিয়াল প্যারিসের দূত হয়ে কান উৎসবে যোগ দিয়েছেন ক্যাট। ল’রিয়াল প্যারিসের এক বিবৃতিতে বলা হয়েছে, উৎসবের দ্বিতীয় দিন ক্যাটরিনা লাল গাউনের সঙ্গে মিলিয়ে ঠোঁটে দেন লাল লিপস্টিক। আর নখে দেন কালো রঙের নেলপলিশ। চোখে ব্যবহার করেন হালকা বাদামি শেড।

৬৮তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন লাল রঙের পোশাকে লাল গালিচায় হেঁটেছেন ক্যাটরিনা কাইফ।
৬৮তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন লাল রঙের পোশাকে লাল গালিচায় হেঁটেছেন ক্যাটরিনা কাইফ।


প্রথম দিন হালকা কোঁকড়ানো লাল চুলে দেখা গেলেও, পরদিন স্ট্রেট চুলে দেখা যায় ক্যাটরিনাকে। তাঁর চুলের মাঝ বরাবর সিঁথিও দেখা যায়। এ ছাড়া প্রথম দিন ডায়মন্ডের কানের দুল ও ব্রেসলেট পরলেও, দ্বিতীয় দিন চোখে পড়ার মতো কোনো গয়না না পরে সাদামাটাভাবেই হাজির হন ক্যাট। এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
ক্যাটরিনাসহ ল’রিয়াল প্যারিসের দূত হিসেবে কানের লাল গালিচায় হেঁটেছেন হলিউডের অভিনেত্রী জুলিয়ান মুর, ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটস, চায়নিজ অভিনেত্রী ফ্যান বিংবিং প্রমুখ।
ল’রিয়াল প্যারিসের দূত হিসেবে আগামীকাল ১৬ মে কান উৎসবের লাল গালিচায় হাঁটবেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। এই নিয়ে পঞ্চমবারের মতো কান উৎসবের লাল গালিচায় হাঁটবেন এই ‘খুবসুরত’ তারকা। এ ছাড়া ১৭ ও ১৮ মে কান উৎসবে বলিউডের আরেক অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দেখা মিলবে।
এবারের কান চলচ্চিত্র উৎ​সব থেকে স্বর্ণপাম পুরস্কার জয়ের জন্য লড়াই করছে ভারত, জাপান, ফ্রান্স, থাইল্যান্ড, মেক্সিকো, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি ছবি। সেগুলোর মধ্যে ভারতের প্রতিনিধিত্ব করছে দুটি ছবি। এ​কটি বলিউডের অভিনেত্রী রিচা চাদ্ধা অভিনীত নীরাজ ঘেওয়ানের ‘মাসান’, আরেকটি গুরবিন্দার সিংয়ের পাঞ্জাবি ছবি ‘ছোটি কুট’।