কানে প্রথমবার অ্যামি জ্যাকসন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুরের কাছে কানের লালগালিচা নতুন নয়। বেশ কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এই দুই তারকার উপস্থিতি নিয়মিত। এ বছর এই তালিকায় যুক্ত হচ্ছেন অ্যামি জ্যাকসনও। ব্রিটিশ বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেত্রী হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় অভিনয় করেছেন।
তবে বলিউড থেকে এবার অ্যামি একা নন, আরও একজন অভিনেত্রী যুক্ত হচ্ছেন তাঁর সঙ্গে। দীপিকা পাড়ুকোনেরও কানে যাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হবে। এই পদ্মাবতী তারকা কানে যাচ্ছেন কি যাচ্ছেন না, এই নিয়ে দোনোমনা ছিল। সম্প্রতি সব অসম্ভাবনা উড়িয়ে দিয়ে দীপিকা নিজেই নিশ্চিত করেছেন যে তিনিও কানে যাচ্ছেন।
হিন্দি ছবি ফ্রিকি আলিতে অভিনয় করেছেন অ্যামি। সামনে আসছে রজনীকান্তের রোবট ছবির দ্বিতীয় কিস্তি ২.০।
এবার কানের লালগালিচায় অ্যামি জ্যাকসন আর দীপিকা পাড়ুকোন কতটা সপ্রতিভ থাকবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।