কারও পৌষ মাস, কারও সর্বনাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া-জ্যাকুলিন ফার্নান্দেজ
পরিণীতি চোপড়া-জ্যাকুলিন ফার্নান্দেজ

‘কিক’ ছবির সাফল্যের পর দম ফেলারই ফুরসত পাচ্ছেন না জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন ব্যস্ত ‘ব্রাদার্স’ ছবির প্রচারণা নিয়ে। হাতে আরও তিনটি ছবি। অন্যদিকে, গত নভেম্বরে মুক্তি পাওয়া ‘কিল দিল’ ছবির পর নতুন কোনো কাজ পাননি পরিণীতি চোপড়া। সালমান খান প্রযোজিত ‘যুগলবন্দী’ ছবিতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা-ও হলো না। সম্প্রতি খান সাহেবের ইচ্ছায় ছবিটিতে পরিণীতির বদলে জ্যাকুলিন ফার্নান্দেজকে নেওয়া হয়েছে।
বলিউডের অভিনেতা সালমান খানের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সালমান খান ফিল্মসের ব্যানারে এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’। সালমান প্রযোজিত পরবর্তী ছবি ‘যুগলবন্দী’র কেন্দ্রীয় নারী চরিত্রে শুরুতে পরিণীতি চোপড়ার অভিনয়ের কথা ছিল। কিন্তু সম্প্রতি তাঁকে বাদ দিয়ে জ্যাকুলিনকে নিয়েছেন সালমান। ‘যুগলবন্দী’ ছবিতে সাইফ আলী খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের এ অভিনেত্রী।
‘কিল দিল’ ছবির পর নতুন আর কোনো ছবিতে দেখা যায়নি পরিণীতিকে। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধও হননি। দীর্ঘদিন হাতে কোনো কাজ না থাকার পর অবশেষে ‘যুগলবন্দী’ ছবিতে পরিণীতির অভিনয়ের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ছবির চরিত্রের জন্য জ্যাকুলিন বেশি মানানসই—এমন কারণ দেখিয়ে পরিণীতির পরিবর্তে জ্যাকুলিনকে অন্তর্ভুক্ত করেছেন সালমান।

শুধু তাই নয়, সালমান অভিনীত পরবর্তী ছবি ‘সুলতান’ থেকেও বাদ পড়তে পারেন পরিণীতি। কারণ ছবিটিতে ‘হিরোপান্তি’ তারকা কৃতি শ্যাননের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন সালমান। ‘সুলতান’ ছবিতে কাজের ব্যাপারে পরিণীতির শেষ ভরসা ছবির প্রযোজক আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ছবিটিতে পরিণীতির অভিনয় করা না করা এখন নির্ভর করছে আদিত্যর ইচ্ছার ওপর।

পরিণীতি চোপড়া-জ্যাকুলিন ফার্নান্দেজ
পরিণীতি চোপড়া-জ্যাকুলিন ফার্নান্দেজ


জ্যাকুলিন অভিনীত নতুন ছবি ‘ব্রাদার্স’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। এর পরপরই ‘ঢিসুম’ ছবির কাজ শুরু করবেন। ছবিটিতে তাঁর দুই সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও জন আব্রাহাম। একই সঙ্গে ‘ফ্লাইং জাত’ ছবির শুটিংও চালিয়ে যাবেন জ্যাকুলিন। ‘অ্যানিবডি ক্যান ড্যান্স’ ছবির নির্মাতা রেমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে জ্যাকুলিনের বিপরীতে অভিনয় করবেন টাইগার শ্রফ। এ ছাড়া ‘হাউসফুল ৩’ ছবির কাজও রয়েছে জ্যাকুলিনের হাতে।
‘যুগলবন্দী’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে জ্যাকুলিন দারুণ মানানসই—এমন মনে করায় ছবিটিতে অভিনয়ের জন্য জ্যাকুলিনকে প্রস্তাব দেন সালমান। কাজের শত ব্যস্ততার পরও সালমানকে না বলতে পারেননি জ্যাকুলিন। কারণ সালমানকে তিনি অনেক পছন্দ করেন। চলতি বছরের শেষের দিকে ‘যুগলবন্দী’ ছবির শুটিং শুরু হবে। এর চিত্রনাট্য জ্যাকুলিনের ভালো লেগেছে। ছবিটিতে অভিনয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম।
দিন কয়েক আগে ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন সালমান। সেখানে একই খাবার টেবিলে ‘খান’ খানদানের সঙ্গে দেখা যায় জ্যাকুলিনকে। এর পরপরই ‘যুগলবন্দী’ ছবিতে অভিনয়ের জন্য সালমানের কাছ থেকে প্রস্তাব পান তিনি।
‘যুগলবন্দী’ ছবির চরিত্রের জন্য জ্যাকুলিন বেশি মানানসই—সালমান এমন কারণ দেখিয়ে পরিণীতির পরিবর্তে জ্যাকুলিনকে অন্তর্ভুক্ত করলেও ধারণা করা হচ্ছে, জ্যাকুলিনকে দেওয়া কথা রাখতেই তিনি এমনটা করেছেন। কারণ ‘কিক’ ছবির ব্যাপক সাফল্যের পর জ্যাকুলিন জানিয়েছিলেন, আরেকটি ছবিতে কাজের সুযোগ করে দেবেন বলে তাঁকে কথা দিয়েছেন সালমান।