কারাগারকে স্যালুট করলেন সঞ্জয় দত্ত

প্রায় পাঁচ বছরের কারাজীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে মুক্ত জীবনে পা রেখেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। আজ সকালে মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় উপস্থিত ছিলেন তাঁর আত্মীয় আর ভক্তরা। ছিলেন বলিউডের কলাকুশলীরাও। কারাগার থেকে বের হয়ে তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত তুলে নমস্কার জানান। কারাগারের সামনে মাটিকে প্রণাম করেন। তারপর কারাগারকে স্যালুট করে পিঠে একটি ব্যাগ আর হাতে একটি মোটা ফাইল নিয়ে বেরিয়ে যান।
জানা গেছে, ভিড় এড়াতে আর গাড়িতে চড়ে মুম্বাইয়ের বাসভবনে যাচ্ছেন না। যাবেন চার্টার বিমানে করে। আর সঙ্গে নিয়ে যাচ্ছেন কারাগারে উপার্জন করা ৪৪০ রুপি। তবে তিনি মুম্বাই পৌঁছে প্রথম যাবেন সিদ্ধিদাতা বিনায়ক মন্দিরে। তারপর যাবেন তাঁর মা নার্গিসের সমাধিতে।
বলিউডের প্রখ্যাত তারকা সুনীল দত্ত ও নার্গিসের পুত্র তিনি। ১৯৯৩ সালের মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় জড়িয়ে পড়ে তিনি কারাভোগ করেছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর। মাঝে অবশ্য তিনি কয়েকবার প্যারোলে মুক্তি পান। আজ সকাল ৮টা ৩৭ মিনিটে মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আগেই অবশ্য এ কথা জানিয়ে দিয়েছিলেন মুম্বাই পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (করাগার) ভূষণ উপাধ্যায়। তিনি বলেন, কারাগারে কারাভোগের সময় সদাচরণের জন্য প্রতি মাসে তাঁর কারাদণ্ডের মেয়াদ আট দিন করে মোট ২৫৬ দিন কমিয়ে দেওয়া হয়েছে। কারাভোগের সময় কারাগারে কাগজের ব্যাগ বানিয়ে তিনি উপার্জন করেন ৪৪০ রুপি।
১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হন তিনি। উদ্ধার হয় তাঁর কাছ থেকে একটি বেআইনি ৫৭ অ্যাসল্ট রাইফেল ও নাইন এমএম পিস্তল। ২০০৭ সালে বিচারে তার ছয় বছরের সশ্রম কারাদণ্ড হয়। পরে সুপ্রিম কোর্টে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তাঁর কারাদণ্ডের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করেন সুপ্রিম কোর্ট।
ভূষণ উপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এর মধ্যে তিনি ১৮ মাস কারাদণ্ড ভোগ করেন আগেই। সেই ১৮ মাস বাদ দিয়ে এবং তাঁর সদাচরণের জন্য প্রতি মাসে আট দিন করে কারার মেয়াদ কমিয়ে নির্ধারিত সময়ের আগে অর্থাৎ ২৫৬ দিন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।