কারাগারে পিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকে ছবির পোস্টারে আনুশকা শর্মা ও আমির খান
পিকে ছবির পোস্টারে আনুশকা শর্মা ও আমির খান

রাজকুমার হিরানি পরিচালিত ও আমির খান অভিনীত পিকে ছবি মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। ভিন্নধর্মী প্রচারণা কৌশলের কারণে এরই মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পিকে। ছবিটির টিজার প্রকাশিত হয়েছে ২৩ অক্টোবর। ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি এখন পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন। তাঁর জন্য কারাগারের ভেতর পিকে ছবির বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা চলছে বলেই জানিয়েছেন আমির।
গতকাল বৃহস্পতিবার পিকে ছবির টিজার প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হন আমির খান ও তাঁর সহ-অভিনেত্রী আনুশকা শর্মা। সেখানে গণমাধ্যমকর্মীরা আমিরকে জিজ্ঞেস করেন, ছবিটি কারাবন্দী সঞ্জয় দত্তকে কীভাবে দেখাবেন, তা নিয়ে কোনো পরিকল্পনা করেছেন কি না। সঞ্জয়ের জন্য ছবির বিশেষ কোনো প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা আছে কি না, তাও জানতে চাওয়া হয় আমিরের কাছে।
জবাবে আমির বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমিও রাজকুমার হিরানির সঙ্গে কথা বলছিলাম। সঞ্জয়ের জন্য কারাগারের ভেতর পিকে ছবির বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করছি আমরা। তবে সবকিছু নির্ভর করছে কারা কর্তৃপক্ষের অনুমতি পাওয়া কিংবা না পাওয়ার ওপর। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
পিকে মুক্তির তারিখ নিয়ে প্রশ্নের জবাবে আমির বলেন, ‘আমার মতে, আমরা অভিনেতারা একই তারিখে আমাদের ছবি মুক্তি না দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা চাই, প্রতিটি ছবিই ভালো ব্যবসা করুক।’
রাজকুমার হিরানি পরিচালিত পিকে ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। ছবিতে নিজের চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, ‘এই ছবিতে সম্পূর্ণ নতুনরূপে দেখা যাবে আমাকে। ছবিটির পাশাপাশি আমার চরিত্রটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ছবিতে আমার নতুন চুলের স্টাইলের জন্য অনেকের কাছ থেকেই প্রচুর প্রশংসা পাচ্ছি আমি। মানুষ আমার চরিত্রটিকে বেশ পছন্দ করছেন।’

পিকে ছবির টিজার দেখতে ক্লিক করুন

আরও পড়ুন