কারিনা কিছুই জানেন না!

মঙ্গলযানের মঙ্গলযাত্রার সাফল্য নিয়ে রীতিমতো তোলপাড়ই হয়ে গেল ভারতজুড়ে। পত্রপত্রিকা, রাজনীতিবিদ থেকে শুরু করে এ উচ্ছ্বাসে শামিল হয়েছিলেন বলিউডের কমবেশি সবাই। অমিতাভ থেকে রিতেশ দেশমুখের মতো অভিনয়শিল্পীরাও টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে বাহবা দিয়েছেন এর সাফল্যে। কিন্তু কারিনা? মঙ্গলে ভারতের মঙ্গলযানের সাফল্য বা এ সম্পর্কে তিনি নাকি কিছুই জানতেন না!
সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাইফ আলী খানের স্ত্রী কারিনার কাছে যখন গণমাধ্যমের কর্মীরা ভারতের এই সফল মঙ্গল অভিযান সম্পর্কে জানতে চান, তখন যেন আকাশ থেকেই পড়েন তিনি। কী? কী!! কী!!! প্রশ্নের উত্তরে তাঁর বিস্ময় এভাবেই প্রকাশ করেছিলেন বলিউডের এই তারকা।
এ সময় গণমাধ্যমের কর্মীরা কারিনাকে মঙ্গল অভিযান ও এর সাফল্য সম্পর্কে বিস্তারিত বলার পরই কেবল বিষয়টি বুঝে-শুনে পতৌদির বেগম নাকি পরিস্থিতি সামাল দিতে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলেছেন, ‘অসাধারণ, এ দিনটি আমাদের জন্য গর্বের একটি দিন।’ এক খবরে এনডিটিভি জানিয়েছে, মহাশূন্যে যাওয়ার আগ্রহ দেখিয়ে কারিনা আরও বলেছেন, ‘আমিও মহাশূন্যে যেতে চাই, আমার ইচ্ছেটা এমনই।’