কারিনা নন, রণবীর!

বর্তমান সময়ে হিন্দি চলচ্চিত্রে অন্যতম প্রতিভাবান অভিনয়শিল্পী হিসেবে ‘হিরোইন’ তারকা কারিনা নয়, বরং ‘বরফি’ তারকা রণবীরকেই বেছে নিয়েছেন কারিনার বাবা বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর।
বলিউডে বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান। আর বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের আরেক সদস্য কারিনার চাচাতো ভাই রণবীর কাপুর। ভিন্নধর্মী নানা চরিত্রে অনবদ্য অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন সুদর্শন রণবীর।
রণধীর কাপুরের ছোট ভাই ঋষি কাপুরের ছেলে রণবীর বলিউডে যাত্রা শুরু করেন ২০০৭ সালে, ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রকস্টার’, ‘বরফি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেন তিনি। ছবিগুলোতে ভিন্নধর্মী নানা চরিত্রে রণবীরের অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে।
সম্প্রতি রণধীর কাপুরকে জিজ্ঞেস করা হয়, তাঁর এবং ঋষি কাপুরের পরবর্তী প্রজন্মের অভিনয়শিল্পী হিসেবে কে সবচেয়ে প্রিয়। জবাবে রণধীর বলেন, ‘রণবীর প্রচণ্ড মেধাবী একজন অভিনেতা। বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে আমার অন্যতম পছন্দের অভিনেতা রণবীর। সে কেবল ভালো অভিনেতাই নয়, তার অভিনয়ের গভীরতাও প্রশংসনীয়। বলিউডে সে দারুণ কাজ করছে। তার চলচ্চিত্র নির্বাচনও যথেষ্ট ভালো।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
ভালোবাসা দিবস সামনে রেখে রণবীর অভিনীত পরবর্তী ছবি ‘রয়’ মুক্তি পাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। রোমান্টিক থ্রিলারধর্মী ছবিটিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, অনুপম খের প্রমুখ।