কারিনার দেহরক্ষী নিয়োগের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান ধর্মীয় উগ্রপন্থীদের কাছ থেকে হুমকি পেয়ে নিরাপত্তা জোরদার করেছেন। বাড়ির নিরাপত্তার পাশাপাশি নিজের জন্য দুজন দেহরক্ষীও নিয়োগ দিয়েছেন তিনি। ভারতের মুম্বাইভিত্তিক একটি ধর্মীয় গ্রুপের ম্যাগাজিনের কভারে ‘লাভ জিহাদ’–এর সতর্কবার্তা হিসেবে কারিনা কাপুরের একটি বিকৃত ছবি প্রকাশ করা হয়। যে ছবিতে কারিনার অর্ধেক মুখ নেকাবে ঢাকা দেখানো হয়। কারিনার এই ছবি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে রীতিমতো শোরগোল তুলেছে। ছবি প্রকাশের সপ্তাহ দু–একের মধ্যেই বান্দ্রায় নিজের বাড়ির নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাও জোরদার করেছেন কারিনা। এর আগে ২০১২ সালে কারিনা ও সাইফ আলী খান বিয়ের সময় মৃত্যু হুমকি পেয়েছিলেন। 

বিজেপির আদর্শিক পরামর্শদাতা সংগঠন সংঘ পরিবারেরই সাম্প্রতিক সৃষ্টি এই ‘লাভ জিহাদ’। তাদের মতে, ভালোবাসা বা বিষয়কে টোপ হিসেবে ব্যবহার করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মেয়েদের ধর্মান্তরিত করছে সংখ্যালঘুরা। এ ক্ষেত্রে সংখ্যাগুরু বলতে হিন্দু এবং সংখ্যালঘু হিসেবে মূলত মুসলিমদের প্রতি ইঙ্গিত করে তারা। 

আরও পড়ুন: এবার বিজেপির নতুন কর্মপরিকল্পনা ‘লাভ জিহাদ’

কারিনার একটি সূত্র জানিয়েছে, ‘লাভ জিহাদ বিতর্ক ছড়ানোয় কারিনা নিজের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সচেতন হয়েছেন। এর আগে তিনি অন্যান্য তারকাদের মতো প্রহরীবেষ্টিত হয়ে চলার প্রয়োজন অনুভব করেননি। ’
আরেকটি সূত্র বলেছে, মারাত্মক কোনো হুমকি মনে না করলেও প্রাথমিকভাবে সতর্ক থাকতেই দেহরক্ষী নিয়োগ দিয়েছেন বেবো।