কারিনার বিশেষ জন্মদিনে

আজ বুধবার ৩৬-এ পা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁর জন্য এবারের জন্মদিনটি অন্যবারের চেয়ে আলাদা। কারণ, এবারই প্রথম নিজের সন্তানের সঙ্গে জন্মদিন পালন করছেন তিনি। যদিও সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি, মায়ের গর্ভেই আছে এখনো। অন্তঃসত্ত্বা কারিনার অবশ্য বিশেষ জন্মদিনটি পালন করার বিশেষ কোনো পরিকল্পনা নেই।
‘আমার এবারের জন্মদিনটি বিশেষ। সত্যি কথা বলতে আজকের জন্য বিশেষ কোনো পরিকল্পনা রাখিনি। প্রতিবারের মতো এবারও আমি আমার পরিবার ও খুব কাছের কয়েকজন বন্ধুর সঙ্গেই জন্মদিন পালন করব। এবারও কোনো পার্টি হবে না। তবে, আজ আমি ইচ্ছামতো খাব আর আরাম করব।’ হবু মা কারিনা এভাবেই তাঁর জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে বলছিলেন।
কারিনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর পরিবার, বন্ধুরা ও স্বামী। তাঁদের নিয়েই জন্মদিনের আনন্দঘন মুহূর্ত কাটাতে চান। আর মা হতে চলেছেন বলে তাঁদের সবার কাছ থেকে নিশ্চয়ই এবার একটু বাড়তি খাতির পাবেন ‘বার্থ ডে গার্ল’ কারিনা।
সবকিছু ঠিকঠাক থাকলে এই ডিসেম্বরে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান তাঁদের প্রথম সন্তানের মুখ দেখবেন। হিন্দুস্থান টাইমস।