কারিনার সন্তান মনে হচ্ছে স্টুডিওতেই জন্মাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইট্যার অ্যাকাউন্টে এভাবেই নিজেকে প্রকাশ করেছেন কারিনা
টুইট্যার অ্যাকাউন্টে এভাবেই নিজেকে প্রকাশ করেছেন কারিনা

আট মাস চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই বলিউড তারকা কারিনা কাপুর খান মা হবেন। বাবা হবেন সাইফ আলী খান।
এ কথা বললে অত্যুক্তি হবে না, কারিনার মা হওয়ার সংবাদটি এ বছরের বলিউড দুনিয়ার সবচেয়ে বড় খবর। কেননা অন্য সব তারকার তুলনায় কারিনা একদম আলাদা ছিলেন। পেছনের আট মাস বলছে, এ সময়টাতে একটা দিনের জন্যও মাতৃত্বকালীন ছুটি নেননি কারিনা। তাঁর বন্ধুরা এবং পরিবারের সদস্যরা তাঁকে একাধিকবার একটু বিশ্রাম নিতে বলেছেন। কাজের পরিমাণও কমানোর পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু কারিনা কারও কথাই শোনেননি।
গর্ভাবস্থায় শুটিং চালিয়ে গেছেন। র‍্যাম্পে হেঁটে, আলোকচিত্রীদের ক্যামেরায় নিজেকে নানা ভঙ্গিতে তুলে ধরেছেন। তাঁর এই জীবনযাপন দেখে রসিক স্বামী সাইফ আলী খান নাকি এমনও মন্তব্য করেছেন, বাচ্চাটা মনে হচ্ছে মেহেবুব স্টুডিওতেই জন্মাবে! অন্যদিকে কারিনা জানিয়েছেন, ‘খুব বেশি অবাক হবেন না যেন, যদি কেউ দেখেন হাসপাতাল থেকে সোজা শুটিং ফ্লোরে ফিরছি আমি!’
সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কারিনা কাপুর নিজেকে আরও তুলে ধরলেন, ‘গর্ভাবস্থা নিয়ে আমরা (কারিনা সাইফ) যারপরনাই খুশি ৷ তবে আমার একটা সমস্যা হয়েছে। সব সময় খিদে পায়৷ আর আমিও কোনো বাছবিচার করিনি—কখনো বিরিয়ানি, কখনো পায়েস খেয়েছি ৷ সাইফও আপত্তি করেনি। নিজের টুইটারে মন্তব্য করেছেন কারিনা, ‘প্রেগনেন্সি আমাকে অলস করে দেয়নি মোটেও!’
ওই সাক্ষাৎকারে কারিনা কাপুর আরও বলেন, ‘আমার গর্ভবতী হওয়ার পর নানা কথা রটেছে ৷ আমি আর সাইফ কখনই ভাবিনি ছেলে হবে না মেয়ে ৷ সৃষ্টিকর্তা আমার কোলে যা দেবে, তা নিয়েই আমি খুশি। সাইফও ৷’
পতৌদির নবাব পরিবারের ছোট নবাব সাইফ আলী খান ও বলিউড তারকা কারিনা কাপুরের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে গত ২০১২ সালের ১৬ অক্টোবর। কারিনা এবারই প্রথম মা হতে যাচ্ছেন, তবে বাবা হওয়ার স্বাদ এর আগেই গ্রহণ করেছেন সাইফ আলী খান। তাঁর আগের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।