কারিনার সুরে সুর মেলালেন শাহরুখ

কারিনা কাপুর রণবীরের সাম্প্রতিক বক্স অফিস ব্যর্থতা সম্পর্কে বলেছিলেন ফিনিক্স পাখির মতোই ফিরবেন রণবীর। সম্প্রতি রণবীর প্রসঙ্গে কারিনার সুরে সুর মিলিয়েছেন ‘কিং খান’ শাহরুখও।
২০১৫ সালটা রণবীর কাপুরের একবারেই ভালো যাচ্ছে না। এ বছর তিন মাসের ব্যবধানে তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দুটি ছবিই ফ্লপ। তবে রণবীরের সাময়িক এ ব্যর্থতা নিয়ে চিন্তিত নন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। অসাধারণ অভিনয়প্রতিভার কারণে কোনো কিছুই রণবীরকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন কিং খান।
আট বছর ধরে বলিউডে কাজ করছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে রণবীর। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘সাওয়ারিয়া’। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ছবিটিতে রণবীর রাজ চরিত্রে চমৎকার অভিনয় করে বছরের সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন রণবীর। পরে ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রকস্টার’, ‘বরফি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবি উপহার দিয়ে বলিউডে শক্ত আসন গাড়েন।
কিন্তু এ বছর রণবীর অভিনীত পরপর দুটি ছবি ফ্লপের খাতায় নাম লেখানোয় বিষয়টি নিয়ে নানা কথা উঠেছে। তিনি বিষণ্নতায় ভুগছেন বলেও খবর ছাপা হয়েছে। তবে এ ধরনের খবরকে ভিত্তিহীন দাবি করে রণবীরের প্রশংসা করেছেন ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। প্রতিভার জোরে পৌরাণিক কাহিনির বহুশ্রুত সেই ফিনিক্স পাখির মতো রণবীর আবারও ফিরবেন বলে আশা প্রকাশ করেছিলেন রণবীরের চাচাতো বোন কারিনা।
‘ফিনিক্স পাখি রণবীর!
রণবীর প্রসঙ্গে এরপরপরই ঠিক যেন কারিনার সুরেই কথা বলেন শাহরুখ খান। গত মে মাসে মুক্তি পায় রণবীরের ‘বোম্বে ভেলভেট’ ছবিটি। এটি তৈরিতে খরচ হয় ১২০ কোটি রুপি। কিন্তু মোট বাজেটের তিন ভাগের এক ভাগও ওঠাতে পারেনি ছবিটি।
বক্স অফিসে ‘বোম্বে ভেলভেট’ ছবির এমন ভরাডুবির প্রেক্ষিতে রণবীরের প্রতি কোনো উপদেশ আছে কি না জানতে চাইলে শাহরুখ বলেন, ‘আমি ঠিক জানি না, আমার কোনো উপদেশ আছে কি নেই। বন্ধু হিসেবে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তাঁর করণীয় সম্পর্কে খুব ভালো করেই জানেন। তিনি এমন একটি পরিবার থেকে এসেছেন যে পরিবারটির হাত ধরে আমাদের দেশে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছে। আমাদের যে কারও চাইতে তাঁর পরিবারই তাঁকে ভালো উপদেশ দিতে পারবে। তাই কোনো উপদেশ নয়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শাহরুখ আরও বলেন, ‘শুধু এটুকু বুঝতে হবে, নিজের প্রতিভার ওপর আস্থা থাকলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। রণবীর অসাধারণ ও মেধাবী একজন অভিনেতা। দারুণ এই অভিনয়প্রতিভার কারণে চারটি কিংবা ৪০টি ছবির ব্যর্থতা কেন, কোনো কিছুই তাঁকে থামাতে পারবে না।’