কারিনায় মোটেও বিব্রত নন শহীদ

কথাটা শুনলে হয়তো আপনিও বলবেন, পুরোনো কাসুন্দি, কেন ঘাঁটতে এসেছ?
কিন্তু পুরোনো কাসুন্দিতে মোটেও বিচলিত হননি শহিদ কাপুর। তিনি এখন এক কন্যাসন্তানের বাবা। আর যাকে নিয়ে কথা, সেই কারিনাও এক পুত্রসন্তানের মা।
শহিদ-কারিনা এখন দুই ভুবনের দুই বাসিন্দা। দুজনের আলাদা সংসার আছে। এ অবস্থায় কেটে গেছে বহুকাল। কিন্তু তাঁদের বহুকাল আগের প্রেম নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। তারকা বলে কথা!

এমন পরিস্থিতে অনেকে এড়িয়ে যান পুরোনো সম্পর্ককে। প্রসঙ্গ এলে বিব্রত হন। তবে বলিউড তারকা শহিদ কাপুর মোটেও মনে করেন না, তাঁর সেই পুরোনো সম্পর্কে গোপন করার কিছু আছে।
কথা উঠেছিল প্রকাশ্যেই। দিল্লিতে। সেখানে একটি আলোচনাভিত্তিক অনুষ্ঠানে শহিদকে প্রশ্ন করা হয় নিজের গোপন অতীত নিয়ে। শুনে মোটেও বিচলিত হননি এ তারকা। বরং অবাক হন। পাল্টা প্রশ্ন করেন, তাঁর সেই গোপন অতীত কোনটি, যা প্রশ্নকর্তা জানেন?
ওই অনুষ্ঠানে উপস্থিত আরেকজন নারী উল্লেখ করেন কারিনা কাপুরের কথা। তাঁর কথা শেষ হতে না হতেই শহিদ বললেন, এটা আর কি আর গোপন কথা, ম্যাডাম? এটা তো সবাই জানেন, এখন বলুন তো আপনাদের কি সত্যিই কোনো প্রশ্ন আছে না এমনিই ওই নামটা করলেন।’
অনুষ্ঠানে শহীদ জানালেন, দুনিয়ার যাবতীয় আলাপের মধ্যে এখন তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে মেয়ে মিশা সম্পর্কে কথা বলতে। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে পাশে শোয়া মেয়ের ঘুম ভাঙা দেখার থেকে আনন্দের আর কিছু নেই। যে দিনটা ভীষণ খারাপ লাগে, সেদিনও মিশার হাসি তাঁর দিন ভালো করে দেয়।’