আজ কি শাহরুখের ছেলে ছাড়া পাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতজুড়ে এখন একটাই আলোচনা—শাহরুখের ছেলে আরিয়ান খান আজ কি ছাড়া পাবেন? প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান।
ইনস্টাগ্রাম থেকে নেওয়া


আরিয়ান খানের বিরুদ্ধে ভারতের দ্য নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-র ৮(সি) ধারায় এফআইআর করা হয়েছে, যেখানে কোনো মাদকদ্রব্য বা সাইকোট্রপিক পদার্থ উৎপাদন, ধারণ, কেনা, বেচা, পরিবহন, ব্যবহার, মজুত, আমদানি ও রপ্তানি বিষয়ে বিস্তারিত বিধান আছে।

আরিয়ান খানকে প্রথমে এক দিনের জন্য হেফাজতে নেয় এনসিবি। পরে সেটা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়। এখন সবাই তাকিয়ে আছেন, আজ তাঁর জামিন হয় কি না।
আরিয়ানের জামিন বিষয়ে জাঁদরেল কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাঁরা আইন বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছেন আরিয়ানের জামিন হবে কি না।

আরিয়ান খান


সিনিয়র আইনজীবী হিতেশ জৈন বিশ্বাস জানান, প্রায় এক বছর আগে রিয়া চক্রবর্তীর মামলায় একটা যুক্তি ছিল। যুক্তিটি হলো এই অপরাধে জামিন হতে পারে, যদি মাদকের পরিমাণ কম থাকে। এ দৃষ্টিকোণ থেকে একটি বক্তব্যও দিয়েছিলেন মুম্বাই হাইকোর্ট।

যদিও এটি জামিনযোগ্য অপরাধ নয়, তথাপি আদালত জামিন দিতে আগ্রহী এ কারণে যে অভিযুক্ত ব্যক্তি দোষী নন—এটা মনে করার যুক্তিসংগত কারণ আছে এবং এই আইনের অধীনে তাঁর অন্য কোনো অপরাধ করার আশঙ্কা নেই। একইভাবে আরিয়ানের ক্ষেত্রেও শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর নির্ভর করে একটা অনুমান করা যায়, কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় যে ব্যক্তি দোষী। এখানে স্পষ্ট, অপরাধীর কাছে কোনো নিষিদ্ধ জিনিস পাওয়া যায়নি। এসব মামলায় জামিন মঞ্জুর করা যায়।

শাহরুখ খান।
ইনস্টাগ্রাম


আরেক আইনজীবী দীপেশ মেহতার মতে, এনসিবির এফআইআরের ধারাগুলো দেখে বলা যায়, আরিয়ানের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা দেওয়া হয়েছে। যে পরিমাণ মাদক পাওয়া গেছে, তার জন্য সর্বোচ্চ শাস্তি ১ বছর এবং ২০ হাজার রুপি জরিমানা হতে পারে। যা–ই হোক, মাদকের সঙ্গে সম্পর্কিত অন্য বিষয়গুলো যেহেতু এখনো তদন্তাধীন, তাই এর বেশি মন্তব্য করা তড়িঘড়ি হয়ে যাবে।

তারকা আইনজীবী অশোক সারাওগি জানান, এনসিবি যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলছে, সেটি তাঁরা যতটা অপরাধমূলক হিসেবে দাবি করছে, ততটা হলে আরিয়ান খান জামিন নাও পেতে পারেন। আসলে যদি তাঁর মাদক কেনা, বেচা ও সেবনের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তাঁকে জেলেও যেতে হতে পারে।

স্ত্রী গৌরী খান আর তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গে শাহরুখ
ছবি: ইনস্টাগ্রাম


গত শনিবার রাতে এক বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে গুপ্ত অভিযান চালায় এনসিবি। এ পার্টিতে আরিয়ানসহ আরও অনেককে আটক করে তারা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও অনেককে গ্রেপ্তার করে প্রতিষ্ঠানটি। আরিয়ান, মুনমুন, আরবাজ এখন এনসিবির হেফাজতে। ৭ অক্টোবর পর্যন্ত তাঁদের রিমান্ডে রাখা হবে।
আরিয়ান খানের পক্ষে মামলাটি লড়ছেন সিনিয়র আইনজীবী সতীশ মানশিন্ডে। তিনি জানিয়েছেন, আরেকটি জামিনের আবেদন করবেন তিনি।