কাল বাড়িতেই 'পদ্মবিভূষণ' হাতে নেবেন দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে কাল ১৩ ডিসেম্বর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ খেতাবটি হাতে তুলে দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শারীরিক অসুস্থতার কারণে এই অভিনেতা গত এপ্রিলে দেশটির রাজধানীতে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ কারণে কাল ১৩ ডিসেম্বর দিলীপকুমারের বাড়িতে গিয়ে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

দিলীপ কুমারের আত্মজৈবনিক গ্রন্থ ‘দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য স্যাডোজ’ এর একজন সংকলক উদয়া তারা নায়ার এ তথ্য জানিয়েছেন।

দিলীপ কুমারের ঘনিষ্ঠ বন্ধু নায়ার আরও জানান, শারীরিক অসুস্থতার কারণে সম্মাননা প্রদানের অনুষ্ঠানে যেতে অসমর্থ হওয়ায় এই বর্ষীয়ান অভিনেতাকে এই ‘পদ্মবিভূষণ’ সম্মাননা গিয়েই তাঁর হাতে তুলে দেওয়া হবে।

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এ বছর তাঁর জন্মদিন পালনের ক্ষেত্রেও অসম্মতি জানিয়েছিলেন। এর কারণ অবশ্য তাঁর শারীরিক অসুস্থতা নয়; চেন্নাইয়ের সাম্প্রতিক বন্যা বিপর্যয়ের কারণেই তিনি তাঁর এবারের জন্মদিনটি পালন করতে চাননি।


এ প্রসঙ্গে দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, তাঁর এবারের জন্মদিন পালনের বিষয়টি একেবারেই সাদামাটা ধরনের। ছোট্ট ঘরোয়া এক নৈশভোজে বড়জোর এ অভিনেতার ঘনিষ্ঠ ছয় থেকে সাতজন মানুষ উপস্থিত থাকবেন।

সায়রা বানু আরও জানিয়েছেন, যেকোনো অনুষ্ঠান কিংবা আয়োজনের একটি ধকল রয়েছে; এ বিষয়টি দিলীপ কুমারের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তিনি দিলীপ কুমারকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান। সায়রা বানু বলেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। দিলীপ কুমার পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, এনটিআর পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ এ পর্যন্ত আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন। সর্বোচ্চসংখ্যক পুরস্কার পাওয়ার কারণে এই অভিনেতার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে। ইন্দো-এশিয়ান নিউজ। এনডিটিভি।