কালো পানিতে কী পেয়েছেন বলিউড তারকারা
এ মুহূর্তে নেট–দুনিয়া রীতিমতো কালো পানির দখলে। তবে এ বিশেষ ধরনের পানি শুধুই পিপাসা মেটায় না। শরীরের নানান উপকার করে ‘ব্ল্যাক অ্যাল্কালাইন ওয়াটার’। ‘ব্ল্যাক ওয়াটার’ পানিতে ৭০টির বেশি প্রাকৃতিক খনিজ আছে। বিটাউন তারকারাও এখন কালো পানিতে মজেছেন। আর বিশেষ এ পানির জন্য পানির মতো অর্থ ব্যয় করেন তারারা। ব্ল্যাক ওয়াটার বিভিন্ন দামে পাওয়া গেলেও সাধারণ মানুষের নাগালের বাইরে। আর তারকারা প্রিমিয়াম কোম্পানির ব্ল্যাক ওয়াটার খান। এর মূল্য লিটারে তিন থেকে চার হাজার রুপি। প্রথমে ক্রিকেটার বিরাট কোহলি ব্ল্যাক ওয়াটার খান বলে জানা গিয়েছিল। এখন বেশ কিছু বিটাউন তারকা নিজেদের সুস্থ রাখতে এই বিশেষ পানির সাহায্য নিয়েছেন বলে জানা গেছে। এই তারকাদের বিভিন্ন সময় ব্ল্যাক ওয়াটারের বোতল হাতে দেখা গেছে।
মালাইকা অরোরা
৪৭–এও সুপার ফিট বলিউডের আইটেম ড্যান্সার মালাইকা অরোরা। তাঁর এই ফিটনেসের পেছনে আছে ব্ল্যাক ওয়াটার। একাধিকবার তাঁকে জিমের বাইরে কালো পানি খেতে দেখা গেছে।
আনুশকা শর্মা
স্বামী বিরাট কোহলির মতো আনুশকাও নিজেকে সুস্থ রাখার জন্য ব্ল্যাক ওয়াটার বেছে নিয়েছেন। তাঁর দিন শুরু হয় এই বিশেষ পানি দিয়ে।তাঁর মতে, এই কালো পানির সাহায্যে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। আর শরীর ঠিকমতো কাজ করে।
গৌরী খান
সৌন্দর্যের দিক থেকে যেকোনো বলিউড নায়িকাকে টক্কর দিতে পারেন শাহরুখ খান–পত্নী গৌরী খান। তাঁর এ সৌন্দর্যের পেছনে আছে ব্ল্যাক ওয়াটার। সম্প্রতি শাহরুখ–পত্নীকে সান্তাক্রুজে তাঁর শোরুমের বাইরে ব্ল্যাক অ্যাল্কালাইন ওয়াটারের বোতল হাতে দেখা গেছে। এ পানি শরীরে অ্যাসিডিটি নির্মূল করে। শরীরকে হাইড্রেট রাখার পাশে ডিটক্সও করে।
উর্বশী রউতেলা
বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলাও নিজেকে ফিট এবং গ্ল্যামারাস রাখতে ব্ল্যাক ওয়াটার বেছে নিয়েছেন। এই বলিউড নায়িকাকে বেশ কিছুদিন আগে বিমানবন্দরে ব্ল্যাক ওয়াটারের বোতল হাতে দেখা গেছে।
শ্রুতি হাসান
দক্ষিণের জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান করোনাকালে নিজেকে ফিট এবং সুস্থ রাখতে এ বিশেষ পানির সাহায্য নিয়েছেন। এ পানি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। তাই করোনার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য শ্রুতি কালো পানি খাওয়া শুরু করেছেন।