কালো যদি মন্দ তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘কবি’র নিতাইয়ের মনে থেকে থেকে একটি প্রশ্ন ঘুরপাক খায়। ‘কালো যদি মন্দ তবে চুল পাকিলে কাঁদো কেনে?’ ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এর অন্তর্নিহিত অর্থের গভীরতা ব্যাপক। সুন্দর বলতে নিজেদের মনের ফ্রেমে আমরা নির্দিষ্ট একটি সংজ্ঞা দাঁড় করিয়ে রাখি। কেউ এর এক চুল বাইরে গেলে তাকে ভাবি অসুন্দর। প্রচলিত অর্থে ‘সুন্দর’ না হওয়ায় বলিউডে অনেক তারকাকে প্রথম জীবনে সংগ্রাম করতে হয়েছে। পরে অবশ্য অভিনয়, নাচ ও অন্যান্য মেধা দিয়ে দর্শক, সমালোচক সবারই মন জয় করেছেন তাঁরা। এই প্রতিবেদনে থাকছে এমন কয়েকজন নায়কের গল্প।

অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশাহ বলা হোক আর ‘বিগ বি’, তিনি একজনই, অমিতাভ বচ্চন। বয়স ৭৫, কিন্তু কদর এখনো তরুণ নায়কদের থেকে কম নয়। তাঁকে কোনো ছবিতে পেলে শিল্পী, কলাকুশলীরা ধন্য হয়ে যান। এই বয়সেও ঝুলিভর্তি কাজ। ২০২০ সাল পর্যন্ত এই অভিনেতার কোনো শিডিউল ফাঁকা নেই। অথচ একসময় এই সুদর্শন অভিনেতাকে বারবার ‘না’ শুনতে হতো। পরিচালকেরা তাঁকে ‘না’ করে দিতেন চেহারার জন্য। গত শতকের ষাটের দশকে বলিউডে এই ‘লম্বা, কালো’ ছেলেটি ঢাকা পড়েছিল শশী কাপুর, ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার মতো সুদর্শন সব নায়কের আড়ালে। এরপর অমিতাভ তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে মাত করলেন সবাইকে। এখনো সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। গত বুধবার ইনস্টাগ্রামে নিজের ১৯৬৮ সালের একটি ছবি প্রকাশ করে এই অভিনেতা লিখেছেন, ‘একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই ছবিটি আবেদন হিসেবে পাঠিয়েছিলাম। কোনো সন্দেহ নেই, আমাকে বাতিল করা হয়েছিল।’

অজয় দেবগন
অজয় দেবগনের চেহারা নিয়ে লোকে কম টিপ্পনী কাটেননি! সরাসরি যাঁরা তাঁকে মন্দ চেহারার বলতে পারতেন না, তাঁরা নিজেদের শব্দকে মার্জিত রূপ দিয়ে বলতেন ‘সাধারণ চেহারার পুরুষ’। শুনতে হতো, এই চেহারা নিয়ে তিনি বলিউডের আমির খান, শাহরুখ খান, সালমান খানদের সঙ্গে টেক্কা দেবেন কী করে? সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী রানী মুখার্জির সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলাপ করেন অজয় দেবগন। তিনি বলেন, বলিউডে তাঁর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল নিজের চেহারা। দেখতে সুন্দর নন বলে কেউ নাকি পাত্তাই দিতেন না। একসময় অজয় সব মনোবল হারাতে বসেছিলেন। পরে অবশ্য নিজের লক্ষ্যে অবিচল থেকে নিজেকে ঠিক প্রমাণ করে দিয়েছেন। এখন আর পরিচালকেরা ভাবেন না, অজয় দেখতে ভালো কী মন্দ। ‘সিংঘম’ তারকা অজয়ের ছবি ‘গোলমাল অ্যাগেইন’ গত বছর ভারতের বক্স অফিসে সবচেয়ে ভালো ব্যবসা করেছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রেইড’ও বক্স অফিস ভালোই মাতাচ্ছে।

মিঠুন চক্রবর্তী
মা-বাবা কালো ছেলের নাম শখ করে রেখেছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী। চলচ্চিত্রে এসে তিনি মিঠুন চক্রবর্তী নামে পরিচিতি পান। তাঁকে কলেজে সবাই ডাকতেন মিষ্টিদা বলে। মিষ্টি হাসির এই ছেলেকেই বলিউডের অনেক পরিচালকের দরজা থেকে ফেরত আসতে হয়েছে তাঁর কৃষ্ণবর্ণের জন্য। দারোয়ানের ঘাড়ধাক্কা খাওয়ার মতো অভিজ্ঞতাও তাঁর আছে। অথচ গত শতকের আশির দশকে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করার রেকর্ড মিঠুন চক্রবর্তীর। এই পথ অবশ্য তাঁকে করে দিয়েছে তাঁর অনবদ্য অভিনয়। মৃণাল সেনের চলচ্চিত্র ‘মৃগয়া’তে প্রথম অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠুন। এরপর বলিউডের নির্মাতারাও তাঁকে নিয়ে ভাবতে শুরু করেন। এখন তিনি সবার প্রিয় দাদা। তবে এই পর্যায়ে আসতে মিঠুনকে অনেক চড়াই-উতরাই আর অবজ্ঞার শিকার হতে হয়েছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
প্রচলিত অর্থে সুন্দর বলতে যা বোঝায়, নওয়াজউদ্দিন সিদ্দিকি তা নন। তবে তাঁর অভিনয়ের কাছে অনেকেই ম্লান হয়ে যান। এই অভিনেতা গত বছর ভীষণ ক্ষোভ থেকে একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ধন্যবাদ, আমাকে এটা বোঝানোর জন্য যে আমি কোনো সুন্দর ও সুদর্শন শিল্পীর বিপরীতে অভিনয় করতে পারি না। কারণ আমি কালো, দেখতে খারাপ। কিন্তু এসব বিষয় আমার কাছে কখনো মুখ্য ছিল না।’ বলিউডের বরেণ্য অভিনেতা ঋষি কাপুরও নওয়াজের গায়ের রং নিয়ে মন্দ কথা বলেছিলেন। তিনি বলেন, ‘রোমান্টিক হিরো’দের মতো নেচে-গেয়ে পর্দায় নায়িকার সঙ্গে প্রেম করার যোগ্যতা ও মেধা নওয়াজের নেই। কিন্তু চলচ্চিত্রের সমঝদারেরা ভালো জানেন, কে বেশি ভালো অভিনেতা—নওয়াজউদ্দিন, না ঋষি?

রণবীর সিং
‘লুটেরা’ ছবির তারকা রণবীর সিং যে প্রচলিত অর্থে সুন্দর নন, সে কথা তিনি প্রথম শোনেন তাঁর গুরু ও প্রথম ছবির নির্মাতা আদিত্য চোপড়ার কাছে। এই নির্মাতার ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়েই বলিউডে অভিষেক রণবীরের। তবে এই সিনেমায় অভিনয় করার প্রথম প্রস্তাব পেয়েছিলেন রণবীর কাপুর। তিনি তা ফিরিয়ে দেওয়ায় ছবির জন্য আদিত্য নতুন কোনো মুখ খুঁজছিলেন। রণবীর সিং অডিশন দিতে এলে তাঁর সবকিছুই ভালো লাগে, শুধু বিপত্তি বাধে এক জায়গায়। আদিত্য নাকি রণবীরকে বলেছিলেন, ‘দর্শকদের মন জয় করতে হলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই কষ্টটা তোমাকে অন্যদের থেকে একটু বেশি করতে হবে।’ রণবীর তখন বুঝেছিলেন, ‘তুমি দেখতে ভালো নও, তাই বেশি খাটতে হবে’—এই কথাটিই ঘুরিয়ে বলতে চেয়েছেন আদিত্য। তবে গুরুর পরামর্শ বিফলে যায়নি; ‘গলিয়ো কি রাসলীলা রাম-লীলা’, ‘গুন্ডে’, ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিংয়ের দুর্দান্ত অভিনয় দেখলেই তা বোঝা যায়। রণবীর সিং বলেন, বলিউডে বহিরাগত আর অপেক্ষাকৃত কম সুদর্শন নায়ক হয়েও নিজের সাফল্য তিনি গড়েছেন নিজের হাতে।

রূপ দিয়ে না হোক, এই নায়কেরা গুণ দিয়ে ঠিকই জয় করে নিয়েছেন দর্শক-সমালোচকের মন। হিন্দুস্তান টাইমস, ইমেজেস, ইন্ডিয়ান এক্সপ্রেস