কাশ্মীরের সে তরুণের সঙ্গে সুস্মিতার ব্রেকআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে কি স্মৃতি হয়ে যাবে রোহমান ও সুস্মিতার এ ছবিটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া টু’ ওয়েব সিরিজ। ‘আরিয়া’-র দ্বিতীয় মৌসুমও সবার বাহবা কুড়িয়েছে। দারুণভাবে প্রশংসিত হয়েছে সুস্মিতার অভিনয়। তবে এই মুহূর্তে সুস্মিতার ব্যক্তিগত খবর নিয়ে মুখর নেট দুনিয়া। খবর যে এই বলিউড নায়িকার সদ্য ব্রেকআপ হয়েছে।

গত কয়েক বছর ধরে সুস্মিতার সঙ্গে রোহমান শলের প্রেমের খবর শোনা যেত বলিউডের অলিগলিতে। কাশ্মীরি ছেলে রোহমান তাঁর থেকে বয়সে ১৫ বছরের ছোট। তাঁদের প্রেমের নানা রঙিন মুহূর্তের ছবি নিয়ে হরহামেশাই নেট দুনিয়ায় আলোচনা হতো। এমনকি সুস্মিতার বাসাতেই থাকতেন রোহমান। তবে এখনকার তাজা খবর অনুযায়ী, বলিউডের এই আলোচিত জুটি একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন। আর রোহন সুস্মিতার বাসা ছেড়ে চলে গেছেন। রোহন এখন তাঁর এক বন্ধুর বাসায় থাকছেন। এদিকে সুস্মিতা এখন বিদেশে তাঁর দুই কন্যার সঙ্গে আছেন। এ বছর ফেব্রুয়ারি মাসে সুস্মিতা এক পোস্টের মাধ্যমে এক বাজে সম্পর্ক থেকে বের হয়ে আসার কথা উল্লেখ করেছিলেন।

রোহমান ও সুস্মিতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০২০ সালে সুস্মিতা আর তাঁর দুই কন্যার সঙ্গে থাকতে শুরু করেন রোহমান। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, সুস্মিতা আর রোহমান বিয়ে করতে চলেছেন। তবে সুস্মিতা পরে এসব খবর মিথ্যা বলে জানান। এদিকে রোহমান সুস্মিতার সঙ্গে বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সুস্মিতা, ওর দুই মেয়ে (রেনে, আলীশা) আর আমি একটা পরিবারের মতো। আমি কখনো ওদের বাবার মতো আচরণ করি, আবার কখনো আমি বন্ধুর মতো আচরণ করি। আমরা একে অপরের সঙ্গে খুনসুটি করি। এক সহজ, সাধারণ পরিবারের মতো আমরা থাকি। আমরা সবাই একসঙ্গে থাকা উপভোগ করি। তাই আমরা কখনো এই প্রশ্নকে পাত্তা দিই না, “আপনারা কবে বিয়ে করছেন? ”। আমরা বিয়ে করলে তা জানতেই পারবেন। এখানে লুকানোর প্রশ্ন নেই।’

সুস্মিতা সেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সুস্মিতা তাঁর দুই কন্যাকেই দত্তক নিয়েছিলেন। ২০০০ সালে তিনি তাঁর বড় কন্যাকে দত্তক নিয়েছিলেন। সুস্মিতা তাঁর প্রথম কন্যার নাম রেখেছিলেন ‘রেনে’। আলীশাকে তিনি দত্তক নিয়েছিলেন ২০১০ সালে।