কিশোর কুমারের চরিত্রে আমির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের জীবনীর ওপর নির্মিত হবে সিনেমা। আর সেটা পরিচালনা করার ইচ্ছে অনুরাগ বসুর। পরিচালকের আবার সখ ছিল চরিত্রটি রাণবির কাপুরকে দিয়ে করাবেন।

সময় বয়ে যায়, ছবি আর হয় না। এ নিয়ে লিখতে লিখতে হাত ব্যাথা করে ফেলেছেন সাংবাদিকেরা। আদৌ কি হবে কিংবদন্তিকে নিয়ে সেই ছবি? কেউ বলছেন, অভিনেতা ও গায়ক কিশোর কুমারের পরিবার রাজি হচ্ছে না; আবার কেউ বলছেন কপিরাইট-জনিত ঝামেলায় আটকে আছে ছবির প্রক্রিয়া।

অবশেষে ছবির চিত্রনাট্য নিয়ে নাকি একটা ফয়সালা হয়েছে। আমির খান তাঁর ‘কিশোরদা’র চরিত্রে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন। বোম্বে টাইমস্ জানিয়েছে, রণবিরের সঙ্গে নাকি আমিরের এ নিয়ে কথাও হয়েছে। রনবির বলেছে, সঞ্জয় দত্ত ছাড়া আর কারও জীবনীভিত্তিক ছবিতে তিনি অভিনয় করবেন না। এর পরে নাকি আমির ওই ছবির জন্য টাকাপয়সা জোগাড় করতে শুরু করেছেন।

‘দঙ্গল’ ছবিতে রেসলার মহাবীর ফোগাতের ভূমিকায় অভিনয়ের জন্য ৯০ কেজি ওজন বানিয়েছেন আমির। বাতাসে ছড়িয়েছে, তাঁর পরের ছবি হবে কিশোর কুমারের জীবনীর ওপর। তবে যারা আমির খানকে জানেন, তাদের কাছে এটা ষ্পষ্ট, একটা ছবি শেষ না হলে পরবর্তী ছবি নিয়ে তিনি ভাবেন না। তাই, আপাতত কিশোর কুমারকে নিয়ে এই মহাতারকা ছবি করছেন কি না, সেটাকে গুঞ্জনের পর্যায়েই রাখা ভালো। তবে আমির খান যখন বিষয়টি নিয়ে আগ্রহী হয়েছেন, তখন হয়তো ছবিটায় হাতও দেবেন তিনি। বোম্বে টাইমস্