কিয়ারার ভরসা সালমানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম
কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড ইন্ডাস্ট্রিতে কাউকে চোখ বুজে ভরসা করা সহজ কথা নয়। তবে বলিউড সুপারস্টার সালমান খানের প্রতি ভরসা আছে কিয়ারা আদভানির।

গতকাল শুক্রবার ছিল বলিউডের ভাইজানের জন্মদিন। এদিকে আবার একই দিনে মুক্তি পেল কিয়ারা আদভানি অভিনীত ছবি গুড নিউজ। এ ছবির প্রচারণার কাজে দারুণ ব্যস্ত ছিলেন তিনি। তারই ফাঁকে এক সাক্ষাতে বলিউডের ‘চুলবুল পান্ডে’র প্রশংসায় পঞ্চমুখ কিয়ারা। সালমানকে তিনি তাঁর মেন্টর মানেন। বলিউডের ভাইজানের প্রসঙ্গে এই বলিউড সুন্দরী বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবতী মনে করি কারণ, আমি যখন খুশি সালমানের সঙ্গে দেখা করতে পারি এবং তাঁর পরামর্শ নিতে পারি। আর সত্যি বলতে, আমি তা–ই করি। তিনি সব সময় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে এসেছেন। আর যখনই কোনো সমস্যায় পড়েছি আমি, তখনই তাঁর কাছে ছুটে গেছি।’ কবির সিং ছবিতে দুর্দান্ত সফলতা পেয়েছেন কিয়ারা। আর তাঁর অভিনয় সালমানও দারুণ পছন্দ করেছেন। বলিউডের এই সুপারস্টার নিজে কিয়ারার মা–বাবাকে তা জানিয়েছেন। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘সালমান নিজে আমার মা–বাবাকে জানিয়েছেন যে কবির সিং ছবিতে আমার অভিনয় তাঁর দারুণ ভালো লেগেছে। আমার কাজে তিনি খুশি। এত বড় একজন সুপারস্টারের কাছ থেকে এই প্রশংসা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সালমান আমাকে যা বলেন, আমি তা–ই চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি জানি যে তিনি কখনো আমায় ভুল পরামর্শ দেবেন না। সালমান আমার পথপ্রদর্শক। তিনি সব সময় আমাকে কঠোর পরিশ্রমের কথা বলে এসেছেন। আর তাতেই আমি আমার সাফল্যের পথ খুঁজে পাব। সালমান ব্যক্তি হিসেবে অত্যন্ত উঁচু মানের। আর তিনি আমার প্রেরণা।’

গতকাল অর্থাৎ শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে গুড নিউজ ছবিটি৷ ইতিমধ্যে এই কমেডি ছবি চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। কিয়ারা এ ছবিতে জুটি বেঁধেছেন দিলজিত দোসাঞ্জের সঙ্গে। গুড নিউজ ছবির অপর দুই মূল চরিত্রে আছেন কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার।