কিয়ারার স্বপ্ন
বলিউডের অনেক অভিনেত্রীই সঞ্জয় লীলা বানসালির ছবির নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। অভিনেত্রী কিয়ারা আদভানিও তাঁর ব্যতিক্রম নন। তবে তিনি বেশি ধৈর্য ধরতে রাজি নন। এ বছরই তিনি বানসালির সঙ্গে হাত মেলাতে চান।
কিয়ারা সম্প্রতি তাঁর ইচ্ছা প্রকাশ করে বলেছেন, ‘আমি বানসালির ছবিতে কাজ করতে চাই। এটা আমার স্বপ্ন। আমি আশাবাদী যে এ বছরের মধ্যেই আমি সঞ্জয় লীলা বানসালির ছবিতে স্বাক্ষর করব।’ কিয়ারার আরও দুই ইচ্ছা আছে। এই ইচ্ছাগুলো তিনি এ বছরের মধ্যে পূরণ করতে চান। এই বলিউড অভিনেত্রী চান, এ বছর আরও অনেক ভ্রমণ করতে। আর ছবির শুটিংয়ে নিজেকে ব্যস্ত রাখতে।
কিয়ারা অভিনীত শেরশাহ ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা। তবে কিয়ারা এখনো এই ছবির সফলতার স্বাদ উপভোগ করছেন। সম্প্রতি তাঁকে এই ছবির জন্য দাদাসাহেব ফালকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছিল। এই সম্মান পেয়ে কিয়ারা উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন, ‘আমার হৃদয় আজ কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সত্যি বলতে এই ছবি সবার ছবি। আমরা প্রত্যেকে এই ছবির গল্প জানি। আমি এখন যেখানেই যাই, অনুভব করি যে সবাই আমাদের মাধ্যমে ক্যাপ্টেন বিক্রম বাত্রা আর ডিম্পলকে ভালোভাবে চেনেন। তাঁদের বিশ্বাস যে তারা (বিক্রম-ডিম্পল) যেন আমাদের মধ্যেই বেঁচে আছে। বিশেষ এই ছবির জন্য আমি এই সম্মানীয় পুরস্কার পেয়েছি।’
পুরস্কার সম্পর্কে তিনি আরও বলেছেন, ‘পুরস্কার একটা মানুষের জন্য সব সময় বিশেষ। পুরস্কার মানুষকে অনুপ্রাণিত ও উৎসাহিত করে। আমি নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। কারণ, এটা আমার দ্বিতীয় দাদাসাহেব ফালকে পুরস্কার। আগে আমি গিলটির জন্য পেয়েছিলাম। এখন পেলাম শেরশাহ ছবির জন্য। আশা করি, আগামী দিনে আমি আমার কাজের মাধ্যমে আরও ভালোবাসা ছড়িয়ে দেব আর তার পরিবর্তে অনেক অনেক ভালোবাসা পাব। আমি এরই আশায় থাকি।’
কিয়ারা পেশাগত জীবন ছাড়া ব্যক্তিগত জীবনের কারণে বারবার আলোচনায় উঠে আসেন। নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলিউডপাড়ায় কান পাতলেই শোনা যায়। এ–ও শোনা যাচ্ছে যে আগামী দিনে তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। তবে এ ব্যাপারে কিয়ারা বা সিদ্ধার্থ কেউই মুখ খোলেননি।