কী বললেন আলিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

বলিউড তারকা আলিয়া ভাটের এখন দারুণ সময়! তাঁর অভিনীত ‘রাজি’ ছবিটি দারুণ সাফল্য পেয়েছে। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে আলিয়ার অভিনয়ের খুব প্রশংসা করেছেন সবাই। আবার তাঁর প্রেমিক রণবীর কাপুরের ‘সঞ্জু’ ছবিটি বক্স অফিসের পাশাপাশি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই প্রেমিকের সাফল্যে রীতিমতো গদগদ আলিয়া। এমনকি মুক্তকণ্ঠে রণবীরের প্রশংসা করেছেন এই বলিউড সুন্দরী।

রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ছবিটি মুক্তির পর রণবীরের অভিনয়ের প্রশংসায় সমগ্র বিটাউন। এই তালিকায় আছেন আলিয়া ভাটও। ‘সঞ্জু’ ছবিতে রণবীরের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি আমার দারুণ পছন্দ হয়েছে। দুর্দান্ত একটি ছবি। এই ছবি আমার সব সময়ের প্রিয় ছবির তালিকায় ১ নম্বরে থাকবে। রণবীর দুর্দান্ত কাজ করেছে।’

‘রাজি’ ছবিতে আলিয়া ভাট
‘রাজি’ ছবিতে আলিয়া ভাট

তিনি আরও বলেন, ‘ভিকি কৌশল আর পরেশ রাওয়াল যে যার চরিত্রে অনবদ্য। আর আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা, দিয়া মির্জা—তাঁদের প্রত্যেককেই ভালো লেগেছে। “সঞ্জু” বিনোদনে ভরপুর একটি ছবি।’

আলিয়া ছবির পরিচালক রাজকুমার হিরানি সম্পর্কে বলেন, ‘আমি রাজকুমার হিরানি স্যারের বড় ভক্ত। তাঁর পরিচালিত যখনই কোনো ছবি আসে, আমি তা মুক্তির অপেক্ষায় থাকি। তিনি ভালো করে জানেন, দর্শকের কাছে কীভাবে পৌঁছাতে হয়। আমার মনে হয়, গত কয়েক বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে এটা সবচেয়ে সেরা। “সঞ্জু” ছবিটি আমি খুব উপভোগ করেছি।’

‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুর
‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুর

অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ভাট আর রণবীর কাপুরকে প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে। ‘সঞ্জু’ মুক্তির আগে রণবীরের কণ্ঠেও আলিয়ার প্রশংসা শোনা গেছে। তিনি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির কাছে আলিয়ার প্রসঙ্গে বলেন, ‘“ব্রহ্মাস্ত্র” ছবির শুটিং সূত্রে আলিয়ার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর মধ্যে অদ্ভুত এনার্জি আছে। এই ইন্ডাস্ট্রিতে আমার ১০ বছর হলো। আর আলিয়ার মাত্র ছয় বছর। এত কম সময়ে ও অভিনয়ের প্রতি পুরোপুরি নিবেদিত, ভীষণ সৎ, যা সচরাচর দেখা যায় না। অসম্ভব ভালো একজন অভিনেত্রী। খুব বেশি সহযোগিতা করে। আর আলিয়ার মধ্যে যে প্রতিভা আছে, তা খুব কম দেখা যায়। আমাদের মধ্যে সিনেমাটিক সম্পর্ক দারুণ। আমি আশা করি, সিনেমাতে আমাদের এই জুটি যেন সবাই পছন্দ করে।’

‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুর
‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুর

পর্দায় রণবীর-আলিয়ার জুটিকে সবাই পছন্দ করবে কি না, তা সময়ই বলবে। তবে বাস্তবে এই জুটিকে সবাই খোলা মনে স্বাগত জানিয়েছে। এমনকি কাপুর পরিবার নাকি আলিয়াকে মেনে নিয়েছেন তাঁদের পরিবারের বউ হিসেবে। নিতু সিং আলিয়ার জন্মদিন পালন করতে পৌঁছে যান বুলগেরিয়াতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে। রণবীরের বোন ঋদ্ধিমা এই বলিউড তারকাকে দামি ব্রেসলেট উপহার দেন। এই সবকিছু ইঙ্গিত দিচ্ছে, নতুন কিছু ঘটতে চলেছে বিটাউনে।