কীসের বাগদান?

এ যেন যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই! রণবীর-ক্যাটরিনার বাগদান তো দূরের কথা, সম্পর্কের খবর পর্যন্ত যেখানে অস্বীকার করছেন, সেখানে বারবার বিভিন্ন সংবাদপত্রে তাঁদের নিয়ে ছাপা হচ্ছে নানা গুজব। আসলেই কি গুজব!
সম্প্রতি রণবীর-ক্যাটরিনা আংটি বদল করে বাগদান সেরে ফেলেছেন বলে সংবাদমাধ্যমে যে খবর এসেছে তাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ।
রণবীর-ক্যাটরিনার কাছের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপনের জন্য লন্ডন গিয়েছিলেন ক্যাটরিনা। পরে সেখানে যান রণবীর। লন্ডনে গত ৩০ ডিসেম্বর রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়। সে সময় এই জুটির পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংও ছিলেন সেখানে। তবে রণবীর কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে বাগদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
১০ জানুয়ারি বাগদানের এই খবর মুম্বাইয়ের অধিকাংশ পত্রিকা প্রকাশ করে। কিন্তু দুই দিন পরেই ক্যাটরিনার এক মুখপাত্র এই বাগদানের খবরটি অস্বীকার করেছেন এবং একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
২০০৯ সালে রাজকুমার সন্তোষীর ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের পর থেকেই রণবীর-ক্যাটের প্রেমের জোর গুঞ্জন ওঠে। বছরের পর বছর ধরে নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন তাঁরা। গত নভেম্বর মাসে মুম্বাইয়ের কার্টার রোডে একই বাড়িতে ওঠে এ জুটি। মূলত এর পর থেকেই শিগগির তাঁরা বাগদান পর্ব সারবেন বলে খবর ডালপালা মেলে। কিন্তু বাগদানের খবর অস্বীকার করায় এই জুটি কবে সংসার পাতবে, সে খবর পেতে ভক্তদের আরও অপেক্ষায় থাকতেই হচ্ছে।