কুশল পাঞ্জাবির মৃত্যু ও সুইসাইড নোট

ছোট পর্দার জনপ্রিয় তারকা কুশল পাঞ্জাবির মৃত্যুর পর তাঁর ফ্ল্যাট থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। ইংরেজিতে লেখা দেড় পাতার এই সুইসাইড নোট কুশল পাঞ্জাবি যে নিজেই লিখেছেন, মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে তা নিশ্চিত হয়েছেন। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, সুইসাইড নোটে কুশল পাঞ্জাবি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। সেখানে নিজের সম্পত্তির কে কতটা পাবেন, তা বলে দিয়ে গেছেন। সুইসাইড নোট অনুযায়ী কুশল পাঞ্জাবি সম্পত্তির ৫০ শতাংশ সমানভাবে বোন আর তাঁর মা-বাবাকে ভাগ করে দেন। বাকি ৫০ শতাংশ তাঁর সন্তান কিয়ানকে দিয়ে গেছেন। কিন্তু স্ত্রী অড্রে ডলহিনকে কিছুই দেননি।
মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, অনেক দিন প্রেমের পর ২০১৫ সালের নভেম্বর মাসে ফ্রান্সের নাগরিক অড্রে ডলহিনকে বিয়ে করেন কুশল পাঞ্জাবি। গোয়ায় প্রথমে খ্রিষ্টান রীতিতে তাঁদের বিয়ে হয়, এরপর বিয়ে হয়েছে হিন্দু রীতিতে। বিয়ের এক বছর পর বাবা-মা হন কুশল পাঞ্জাবি ও অড্রে ডলহিন। তাঁদের একমাত্র ছেলে কিয়ান। কিন্তু কিছুদিন পরই তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বাধ্য হয়ে ৩ বছরের ছেলেকে নিয়ে চীনে চলে যান অড্রে ডলহিন। চীনের সাংহাইয়ে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে এখন তিনি চাকরি করছেন।
বন্ধু আর পরিবারের সদস্যদের মতে, স্ত্রী অড্রে ডলহিনের সঙ্গে দূরত্ব, সম্পর্কের অবনতি, বারবার অড্রে ডলহিনের কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য চাপ, ছেলেকে সব সময় কাছে না পাওয়া-এ সবই হয়তো কুশল পাঞ্জাবির আত্মহত্যার পেছনের অন্যতম কারণ।

গত শুক্রবার বিকেলে মুম্বাইয়ে কুশল পাঞ্জাবির শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগেই শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য ছেলে কিয়ানকে সঙ্গে নিয়ে সাংহাই থেকে মুম্বাই আসেন অড্রে ডলহিন। এ সময় সেখানে আরও ছিলেন কুশল পাঞ্জাবির পরিবারের সদস্য, তাঁর বন্ধু আর ছোট পর্দার অনেক তারকা।
মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা আরও জানতে পেরেছেন, ফ্ল্যাটে তাঁর বিভিন্ন কাজের জন্য যাঁদের নিয়োগ করা হয়েছিল, মৃত্যুর আগে তাঁদের সব পাওনা মিটিয়ে দেন কুশল পাঞ্জাবি। এমনকি যে প্রতিষ্ঠান থেকে তাঁর বাসার জন্য মাসের বিভিন্ন দরকারি জিনিসপত্র সরবরাহ করা হতো, তার সব বকেয়া তিনি পরিশোধ করেন।

ভারতের মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের নিজ ফ্ল্যাটে গত বৃহস্পতিবার রাতে ঝুলন্ত অবস্থায় কুশল পাঞ্জাবির লাশ উদ্ধার করা হয়। আরও জানা গেছে, মৃত্যুর দুই দিন আগে সাংহাই গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন কুশল পাঞ্জাবি। সেখান থেকে ফেরার পর হয়তো তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
কুশল পাঞ্জাবির বন্ধু ছোট পর্দার আরেক তারকা চেতন হংসরাজ ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানান, ২৬ ডিসেম্বর কুশল পাঞ্জাবির মা-বাবা বারবার ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁরা চেতন হংসরাজের সঙ্গে যোগাযোগ করেন। কুশল পাঞ্জাবির ফ্ল্যাটে গিয়ে অনেক চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন চেতন। এরপর এক চাবিওয়ালার সহযোগিতা নিয়ে ফ্ল্যাটের দরজা খোলা হয়। তখন সবাই ফ্ল্যাটে ঢুকে কুশল পাঞ্জাবিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখনই তা ফোন করে কুশল পাঞ্জাবির মা-বাবাকে জানানো হয়।
মৃত্যুর আগে কয়েক দিন ইনস্টাগ্রামে ছেলে কিয়ানকে সঙ্গে নিয়ে কিংবা কিয়ানের ছবি দিয়ে বিভিন্ন আবেগঘন পোস্ট দেন কুশল পাঞ্জাবি। ছেলেকে তিনি খুবই ভালোবাসতেন। ছেলেকে ঘিরেই ছিল তাঁর সবকিছু। তাই তখন কেউ ভাবতে পারেননি শিগগিরই নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন।

কুশলের বয়স হয়েছিল ৩৭। তাঁকে শেষ দেখা গেছে কালারস টিভির জনপ্রিয় সিরিয়াল ‘ইশক মে মরজাওয়া’তে।
ছোট পর্দায় কুশল ক্রমেই সাফল্যের চূড়ায় উঠছিলেন। ঠিক তখনই তাঁর আত্মহত্যার ঘটনা মেনে নিতে পারছেন না বন্ধুরা। বড় পর্দার তারকা মেঘনা নাইড়ুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কুশল পাঞ্জাবির। ২০১০ সালে সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কুশল পাঞ্জাবির মৃত্যুর খবর শোনার পর ভেঙে পড়েন তিনি। টুইটারে লিখেছেন, ‘কুশলের মতো প্রাণখোলা আর হাসিখুশি মানুষ কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে, তা ভাবতে পারছি না।’ করণ বীর বোহরা টুইটার লিখেছেন, ‘কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মর্মাহত। তুমি হয়তো এখন শান্তিতে আছ। তবে এই ক্ষতি পূরণ করা যাবে না।’
কুশল পাঞ্জাবি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন। ছোট পর্দার বিভিন্ন সিরিয়াল আর টিভি শোতে দেখা গেছে তাঁকে। শরীরচর্চা নিয়ে বিভিন্ন নিরীক্ষা করতে পছন্দ করতেন। কুশল পাঞ্জাবি ১৯৯৭ সালে ‘দিওয়ানা তো দিওয়ানা হ্যায়’ গানের ভিডিওর মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘ঝলক দিখলা যা’ আর ‘ফিয়ার ফ্যাক্টর’-এ তিনি দেখিয়েছেন নিজের মেধার ঝলক। ছোট পর্দার পাশাপাশি বলিউডের ‘লক্ষ্য’ (২০০৪), ‘কাল’ (২০০৫) ‘ধন ধনা ধন গোল’ (২০০৭), ‘সালাম-ই-ইশক’ (২০০৭) ছবিতে অভিনয় করেছেন তিনি।