কৃতি নন সোনম নন, মাহিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান-মাহিরা খান
শাহরুখ খান-মাহিরা খান

বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের সুযোগ পেলেন পাকিস্তানি মডেল, অভিনেত্রী ও ভিডিও জকি মাহিরা খান। শুধু সুযোগ বললে কম বলা হবে। শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে মাহিরার। সম্প্রতি তিনি ‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে মাহিরার অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন ছবির প্রযোজক রিতেশ সিদ্ধানি।
এর আগে ‘রইস’ ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে খুবসুরত তারকা সোনম কাপুর ছাড়াও হিরোপান্তি তারকা কৃতি শ্যাননের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বলিউডের কোনো অভিনেত্রী নয়, পাকিস্তানের মাহিরা খানের ভাগ্যেই শিকে ছিঁড়ল। 
‘রইস’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন ‘ভাগ মিলখা ভাগ’ তারকা ফারহান আখতার ও রিতেশ সিদ্ধানি। সম্প্রতি রিতেশ তাঁর টুইটার অ্যাকাউন্টে মাহিরা খানের ছবি পোস্ট করার পাশাপাশি ছবির নিচে এক বার্তায় লিখেছেন, ‘“রইস” ছবিতে আমাদের নায়িকা।’ এক খবরে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম। 
‘রইস’ ছবির পরিচালকের আসনে রয়েছেন ‘পরজানিয়া’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা রাহুল ঢোলাকিয়া। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গুজরাটের একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। আর তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে মাহিরা খানকে। ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করবেন ‘দ্য লাঞ্চবক্স’ তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এখানে তাঁকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।