চাই অন্য কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃতি শ্যানন

প্রশংসা পেতে কৃতিরও ভালো লাগে। তাঁর প্রাপ্যটুকু সমালোচকেরা ইতিমধ্যে তাঁকে বুঝিয়ে দিয়েছেন। রংখেলার দিনে মুক্তি পাওয়া কৃতি ও অক্ষয় অভিনীত বচ্চন পান্ডে একাধারে প্রশংসা আর অর্থ—দুই–ই কুড়াচ্ছে। কিন্তু কৃতির চাই অন্য কিছু।

সম্প্রতি মুক্তি পাওয়া বচ্চন পান্ডে ছবিতে কৃতি শ্যানন একজন চলচ্চিত্র পরিচালক। ছবির মূল নায়ক তিনি নন, কিন্তু এর ভেতরেই নিজের জন্য বরাদ্দ জায়গাটুকু তিনি ভরিয়ে তুলেছেন। সমালোচকেরা বলছেন, বেশ আত্মবিশ্বাসী এক অভিনয়শিল্পীকে পাওয়া গেছে পর্দায়। আর মাত্র ২ দিনে ছবিটি থেকে আয় হয়েছে সোয়া ২৫ কোটি রুপি। অক্ষয়ের মতো তারকার সঙ্গে কাজ করে কৃতি উদ্বেলিত। একের পর এক ছবি পোস্ট করছেন বচ্চন পান্ডে ওরফে অক্ষয়ের সঙ্গে। কিন্তু ছবির শুটিং শেষ হওয়ার পর অন্য এক তৃষ্ণা পেয়ে বসেছে তাঁকে। তিনি এবার দেশাত্মবোধক ছবিতে অভিনয় করতে চান। সম্প্রতি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নিজের এ ইচ্ছার কথা জানিয়েছেন কৃতি। কৃতি শ্যানন বলেন, ‘আমি দেশাত্মবোধক সিনেমা দেখতে ভালোবাসি। অথচ অভিনয় করব, এ রকম দেশাত্মবোধক সিনেমা পাইনি। তবে শিগগির হয়তো এ–সংক্রান্ত ভালো কোনো খবর দিতে পারব।’

ওই সংবাদ সম্মেলনে কৃতি কথা বলেন বচ্চন পান্ডে নিয়েও। তিনি বলেন, ‘বচ্চন পান্ডের শুটিংয়ের অনেকগুলো বিশেষ মুহূর্ত ছিল। আমাদের সঙ্গে ক্রুদের একটি পুরো দল ছিল এবং আমরা একটি আস্ত বিমান নিয়েছিলাম। আমরা সূর্যগড় প্রাসাদে থাকতাম, যেখানে “বেওয়াফা” গানটির শুটিং করা হয়। সেখানে আমরা একসঙ্গে খেতাম, খেলাধুলা করতাম। রীতিমতো একটা পারিবারিক সময় কাটিয়েছি। ওই সেটে সবচেয়ে বেশি মজা করেছি আমি।’

কৃতি শ্যানন
ইনস্টাগ্রাম

১৮ মার্চ মুক্তি পাওয়া বচ্চন পান্ডে ২০১৪ সালের তামিল সিনেমা বিরাম–এর পুনর্নির্মাণ। এখানে অক্ষয় কুমার একজন গ্যাংস্টার।