কৃতীর 'কাঁপাকাঁপি'

ছোটবেলা থেকে তাঁদের দেখে দেখে বেড়ে উঠেছেন। তাঁদের দেখেই অনুপ্রাণিত হয়েছেন। তাঁদের মতো হওয়ার স্বপ্ন বুনেছেন। হুট করে একদিন আবিষ্কার করলেন, সেই স্বপ্নজগতের বাসিন্দারা একেবারে আপনার পাশে। আপনারই সহকর্মী হিসেবে কাজ করছেন! চিমটি কেটেও হয়তো বিশ্বাস হবে না। শিহরিত হবেন। কিছুটা ভয় ভয়ও লাগবে। এমনটাই ঘটেছে কৃতী শ্যাননের বেলায়।
ক্যারিয়ার শুরুর এক বছরের মধ্যেই কৃতী সুযোগ পেয়েছেন দিলওয়ালে-এর মতো ছবিতে কাজ করার। যে ছবির পরিচালক এই সময়ের বলিউডের বক্স অফিসের সবচেয়ে নিশ্চিত বাজি—রোহিত শেঠি। তবে কৃতী এর চেয়েও বেশি রোমাঞ্চিত শাহরুখ-কাজলকে সহশিল্পী হিসেবে পেয়ে। কৃতী স্বীকার করেছেন, উত্তেজনা আর শিহরণে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা হয়েছিল তাঁর।
তবে শাহরুখ দ্রুতই সবকিছু সহজ করে দিয়েছিলেন বলে জানালেন তিনি, ‘তাঁর ছবি দেখে দেখেই তো বেড়ে ওঠা। আমার কাছে তিনি মহাতারকা। কিন্তু তাঁর সঙ্গে পরিচয় হওয়ার পর বুঝলাম, মানুষ হিসেবে তিনি মোটেও তারকাসুলভ নন। সবচেয়ে বড় কথা, তিনি দ্রুতই আমাকে সবকিছু মানিয়ে নিতে সাহায্য করেছেন।’ যদিও কৃতী স্বীকার করলেন, কাজলকে ‘একটু একটু ভয়’ এখনো পান, ‘প্রথম দৃশ্যটা করার আগে তাঁর সঙ্গে দেখাই হয়নি আমার। তাই একটু ভীতই ছিলাম, নার্ভাসও লাগছিল।’ ডিএনএ।