কৃষক নওয়াজউদ্দিন

সাদা পায়জামা-পাঞ্জাবি পরা এক লোক। মাথায় সাদা পাগড়ি পরে ট্রাক্টর চালিয়ে এগিয়ে আসছেন। দূর থেকে দেখে ঠাওর করার উপায় নেই তিনি আসলে কে। কাছে আসতেই দেখা গেল, তিনি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। কোনো সিনেমার শুটিং করতে নয়, হালচাষ করতেই সরিষাখেতে নেমেছেন নওয়াজউদ্দিন।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে নিজ গ্রামে গিয়েছিলেন নওয়াজউদ্দিন। সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে সময় কাটিয়েছেন, নিজেও কাজ করেছেন। কিছুক্ষণের জন্য যেন নিজের বর্তমান পেশাকে ভুলে গিয়েছিলেন তিনি। উত্তর প্রদেশ সরকার তাঁকে ‘সমাজবাদী কিষান বিমা যোজনা’র শুভেচ্ছাদূত বানিয়েছেন। এটি কৃষকদের বিমা সেবা সরবরাহ করার একটি প্রকল্প।
তবে কৃষিকাজের অভিজ্ঞতা কিন্তু এই তারকার জন্য নতুন নয়। তাঁর বাবাও কৃষক ছিলেন। আর জীবনের বড় একটা সময় নওয়াজউদ্দিন কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ৪২ বছর বয়সী এই অভিনেতার ভাষায়, ‘আমার জীবনের ২০টি বছর আমি কৃষিকাজ করেছি। আমি যখনই সময় পাই, এই কাজ করি। এটা আমার পূর্বপুরুষের পেশা। তাই এই কাজ আমাকে অনেক আনন্দ দেয়।’
সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘ফ্রিকি আলী’ ছবিটি মুক্তি পেয়েছে। পিটিআই