কে দেবে নাসিরউদ্দিন শাহর নিরাপত্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরউদ্দিন শাহ
নাসিরউদ্দিন শাহ

‘নাসিরউদ্দিন শাহ “সারফারোশ”‌ ছবিতে পাকিস্তানের গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন তিনি সত্যি সত্যিই পাকিস্তানি চরের মতো আচরণ করছেন।’ বলেছেন বিজেপি নেতা মহেন্দ্রনাথ পাণ্ডে। হিন্দুত্ববাদী সংগঠন নবনির্মাণ সেনার প্রধান অমিত জানি বলেন, তিনি নাসিরউদ্দিন শাহর জন্য করাচির বিমানের ওয়ান ওয়ে টিকিট বুক করে দেবেন। হিন্দুত্ববাদী আরেকটি সংগঠন বলেছে, নাসিরউদ্দিন শাহর এ দেশে না পোষালে তিনি অন্য দেশে চলে যান না কেন? আর বাবা রামদেব বলেছেন, ‘সব দেশেই হিংসা আর অসহিষ্ণুতা আছে৷ কোনো দেশই এর ঊর্ধ্বে নয়৷ কিন্তু কেউ তাই বলে নিজের দেশকে দায়ী করে না৷’ তিনি আরও বলেন, ‘এই দেশের সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে নাসিরউদ্দিন শাহ আজ এত জনপ্রিয়৷ সেই দেশের গায়ে ধর্মীয় অসহিষ্ণুতার ট্যাগ লাগিয়ে তিনি অকৃতজ্ঞতা, অশ্রদ্ধা আর বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন৷’ উত্তর প্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলেছেন, ‘নাসিরউদ্দিন শাহ সমাজে বিষ মেশানোর কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন নাসিরউদ্দিন শাহর ভয় লাগেনি। এখন পরিস্থিতি ভালো, কিন্তু তাঁর ভয় লাগছে। তিনি যেখানে নিজেকে নিরাপদ মনে করেন, তাঁর সেখানেই যাওয়া উচিত।’

নাসিরউদ্দিন শাহ
নাসিরউদ্দিন শাহ

ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে সমালোচনার শিকার হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন শাহ। ৩ ডিসেম্বর উত্তর প্রদেশের বুলন্দ শহরে গোরক্ষকদের তাণ্ডবের জেরে নিহত হন পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিং। এরপর গত সোমবার এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে নাসিরউদ্দিন শাহ অভিযোগ করেন, দেশের কিছু জায়গায় পুলিশকর্মীর থেকে গরুর মৃত্যু বেশি গুরুত্ব পাচ্ছে। সেসব স্থানে আইন নিজের হাতে তুলে নিচ্ছে উন্মত্ত জনতা।

সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, সমাজের মধ্যে ধর্মের বিষ ঢুকে গেছে। তাই নিজের সন্তানদের তিনি ধর্মের কোনো পাঠ দেননি। ফলে যদি এমন কোনো দিন আসে, যেদিন একদল লোক তাঁদের ঘিরে ধরে জিজ্ঞেস করবে, তারা হিন্দু না মুসলিম; তখন সেই লোকগুলো কোনো উত্তর খুঁজে পাবে না।

নাসিরউদ্দিন শাহ
নাসিরউদ্দিন শাহ

এসব কথার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরউদ্দিন শাহকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কয়েকটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন তাঁকে এবং তাঁর পরিবারকে ক্ষতি করার হুমকি দিয়েছে। এবার নিজের পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন তিনি।

এবার নাসিরউদ্দিন শাহর সমালোচনা করেছেন বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অনুপম খের। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‌এই দেশে এত স্বাধীনতা! সেনাবাহিনীকে যা খুশি তা-ই বলা যায়, সেনাবাহিনীর সদস্যদের পাথর ছোড়া যায়, বিমানবাহিনীর প্রধানকে গাল দেওয়া যায়। এরপর আপনার আর কত স্বাধীনতা প্রয়োজন?’ অনুপম খের আরও বলেছেন, ‘তাঁর যা মনে হয়েছে, তিনি তা-ই বলেছেন। তবে এটা ভাববার কোনো কারণ নেই, তিনি যা বলেছেন তা সত্যি।’‌

নাসিরউদ্দিন শাহর মন্তব্য নিয়ে যখন দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে, তখন তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, পাকিস্তানের কাছ থেকে তা ভারতের শেখা উচিত৷’ তবে ইমরান খানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নাসিরউদ্দিন শাহ বলেছেন, ‘পাকিস্তানের স্বার্থ জড়িত নয়, এমন বিষয় নিয়ে তাঁর (ইমরান খানের) মাথা না ঘামালেও চলবে৷ বরং তিনি তাঁর দেশ সামলানোর কাজে মন দিন। ৭০ বছর ধরে আমাদের দেশে গণতন্ত্র রয়েছে৷ আমরা জানি নিজেদের সমস্যা কীভাবে মোকাবিলা করা উচিত৷’

নাসিরউদ্দিন শাহ
নাসিরউদ্দিন শাহ

সব মিলিয়ে দেশজুড়ে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন শাহ। তবে তাঁকে আশ্বাস দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভী গতকাল শনিবার বলেছেন, ‘নাসিরউদ্দিন শাহর পরিবারের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারতের ডিএনএতেই সহিষ্ণুতা লেখা রয়েছে।’

আর সমালোচকদের বক্তব্যের সমালোচনা করে নাসিরউদ্দিন শাহ আজ রোববার বলেছেন, ‘আমাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। শুনছি আমি নাকি দেশদ্রোহী। সত্যিই দুর্ভাগ্যের। নিজের দেশের সমালোচনা করলে দেশদ্রোহী হয়ে যাব? এই দেশ আমার জন্মভূমি। এই দেশকে আমি ভালোবাসি।’