কে প্রথম কাছে ডেকেছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেট গালা ২০১৭’ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
‘মেট গালা ২০১৭’ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে পরিণয়। মহাসমারোহে হয়ে গেল দুই মহাদেশের দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ে। বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের এ পরিণয়ে কে আগে প্রেম নিবেদন করেছিল? কে প্রথম কাছে ডেকেছিল, প্রিয়াঙ্কা নাকি জোনাস?

আগামী জানুয়ারির প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে মিষ্টি সেই প্রেম ও পরিণয়ের বিস্তারিত তুলে ধরতে যাচ্ছে ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’। সেখান থেকে খানিকটা তুলে ধরা হয়েছে অনলাইন পাঠকদের জন্য। সম্পর্কের ক্ষেত্রে অগ্রণী ও আগ্রহী ছিলেন নিক জোনাস। আর প্রেম নিবেদনের ঘটনাটি ঘটেছিল গত বছর, ভ্যানিটি ফেয়ার আয়োজিত অস্কার পার্টির সময়ে। প্রিয়াঙ্কার বর্ণনায়, ‘নিক আমার জন্য অনেকক্ষণ একটা পানশালার ভেতর অপেক্ষা করছিল। সেদিন তাঁর পরনে ছিল মখমলের স্যুট, বুকপকেটে গোঁজা ছিল একটা সাদা গোলাপের কুঁড়ি।’ সেদিন প্রিয়াঙ্কা পরেছিলেন একটা লম্বা কালো পোশাক।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

এক জায়গায় বসে ভোগের প্রতিবেদককে গল্পটি বলছিলেন প্রিয়াঙ্কা ও নিক। নিক বলেন, ‘প্রিয়াঙ্কা এসে ঢুকতেই আমি ধীরে ধীরে হাতের গ্লাসটা নামিয়ে রাখলাম। কিছু লোক ছিল সেখানে। সেটা অবশ্য তখন মাথায় ছিল না। তাঁর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ‘তুমি শাশ্বত। কোত্থেকে এসে তুমি আমার জীবনে জড়িয়ে গেলে?’

পরিচয়ের ঠিক পরেই কিন্তু প্রেম নিবেদন করেননি নিক। এর আগে অনেক দিন ধরে শত শত খুদে বার্তা আদান-প্রদান হয়েছে তাঁদের। ২০১৮ সালের প্রেমকাহিনি বলে কথা, খুদে বার্তা ছাড়া অনুভূতি বিনিময়ের উপায়ও বা কী ছিল? আর এ বার্তা বিনিময় অব্যাহত ছিল পরেও।

বাইরে সেদিন গাড়ি অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কাকে যেতে হবে, ভারতের ফ্লাইট ধরতে হবে। তবু নিক তাঁকে বলে, ‘একটা পানীয় নেবে?’ অনুমতি নেওয়ার ভঙ্গিতে তিনি তাকান প্রিয়াঙ্কার ব্যবস্থাপকের দিকে। প্রিয়াঙ্কা নিজেই বলেন, ‘পাঁচ মিনিটের বেশি থাকতে পারব না।’

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

এই ঘটনার বছর দেড় আগের কথা। কথা হয়, বার্তা বিনিময় হয় তাঁদের। কিন্তু একে অন্যের সঙ্গে খুব একটা দেখা-সাক্ষাৎ হতো না প্রিয়াঙ্কা-নিকের। এ রকম এক সময়ে দুজনকে একসঙ্গে আমন্ত্রণ জানানো হয় ‘মেট গালা ২০১৭’ অনুষ্ঠানে। আয়োজকেরা অবশ্য জানতেনই না যে, তাঁদের বার্তা বিনিময় চলছে। এখন একটু সাক্ষাৎ হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার সপ্তাহখানেক আগেই তাঁরা পৌঁছে যান। নিউইয়র্কের কার্লাইল হোটেলে সে সময় একসঙ্গে বসে কথা বলার ফুরসত পেয়েছিলেন দুজন।

যা হোক। প্রস্তাব দেওয়ার পরের ঘটনা কী? প্রিয়াঙ্কা এক সন্ধ্যায় নিককে তাঁর অ্যাপার্টমেন্টে আসতে বলেছিলেন। সেদিন প্রিয়াঙ্কার মাও ছিলেন সেখানে। একটা নাইট গাউন পরে তিনি টেলিভিশনে ‘ল অ্যান্ড অর্ডার’ নামের একটা টিভি সিরিজ দেখছিলেন।

নিকের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে কী কী বিবেচনায় এনেছিলেন প্রিয়াঙ্কা? লস অ্যাঞ্জেলেসে এক অভিসারের কথা মনে করে প্রিয়াঙ্কা বলেন, ‘নিক বলেছিল, “পৃথিবীকে তুমি যে দৃষ্টিতে দেখ, সেটা আমার ভালো লাগে। তোমার যাত্রাপথটা আমার প্রিয়। তোমার আকাঙ্ক্ষা আমাকে আকর্ষণ করে।” একটা মেয়ে হিসেবে এ রকম কথা আমাকে কেউ কোনো দিন বলেনি। বরং উল্টোটা বলেছে।’

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা নিঃসন্দেহে বড় তারকা। গতকাল শনিবার তাঁর বিয়ে হলো। ২০০০ সালের ৩০ নভেম্বরেই প্রিয়াঙ্কা ‘মিস ওয়ার্ল্ড; হয়েছিলেন। মাথায় পরেছিলেন বিশ্ব সুন্দরীর মুকুট। তিনি ভারতের তিন সৌভাগ্যবতীর অন্যতম, যাঁর মাথায় একই সঙ্গে উঠেছে মিস ওয়ার্ল্ড ও মিস ইন্ডিয়ার মুকুট।

২০০২ সালে একটি তামিল ছবি দিয়ে শুরু হয় প্রিয়াঙ্কা চোপড়ার চলচ্চিত্রযাত্রা। পরের বছর অভিনয় করেছিলেন একটি বলিউড ছবিতে। সে বছর মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘আন্দাজ’। অবশ্য সাফল্যের মুখ দেখেনি ছবিটি। পরে একাধিক ছবিতে কাজ করে যান সালমান খান, অক্ষয় কুমারের সঙ্গে। আব্বাস-মাস্তানের ছবি ‘এইতরাজ’ করার পর যেন ভাগ্যদেবী মুখ ফিরে তাকান তাঁর দিকে। ‘কামিনে’, ‘সাত খুন মাফ’, ‘দস্তানা’, ‘বাজিরাও মস্তানি’সহ ৫০টি সিনেমায় কাজ করেন তিনি। সুপারহিরোর গল্প নিয়ে ভারতের প্রথম ছবি ‘কৃষ’-এর নায়িকা তিনি। ‘বরফি’র মতো ছবিতে প্রতিবন্ধীর চরিত্রে কাজ করেছেন, যেটা বহু পুরস্কার পেয়েছিল, এমনকি অস্কারের জন্যও পাঠানো হয়েছিল ছবিটি। ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবিটা করে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মার্কিন টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’র পাশাপাশি বেশ কয়েকটি হলিউড ছবিতেও কাজ করেছেন প্রিয়াঙ্কা।