কেন এই নিঃসঙ্গতা!

ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নিঃসঙ্গ কাটছে রণবীর কাপুরের দিন। একাকী রণবীরের তো নতুন প্রেমিকা খোঁজার কথা। অথচ তিনি কি না খুঁজে বেড়াচ্ছেন শান্তি!
সম্প্রতি তিনি গিয়েছিলেন দাদি কৃষ্ণা কাপুরের বাড়িতে। সেখানে গেলে নাকি একটু শান্তি পান এই অভিনেতা। দাদির বাড়িতে আছে একটি দোলনা। তাতে দোল খেতে খেতে রণবীর প্রকৃতি দেখেন আর নিজের পোষা কুকুরদের সঙ্গে খেলা করেন। কিছু যদি করার না–ও থাকে, একাকিত্বকেই মন ভরে উপভোগ করেন এ অভিনেতা। এই একাকিত্ব যাপন নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখন শুধুই শান্তি খুঁজছি। হয়তো বয়স বেড়েছে বলেই কোনো ঝামেলায় জড়াতে ইচ্ছা করে না।’ তিনি আরও বলেছেন, ‘একা থাকতে আমার কখনোই খারাপ লাগে না। রেস্তোরাঁয় একা খেতে যেতেও ভালো লাগে। একা ঘুরে বেড়াতেও আমি ভালোবাসি।’
এগুলো সবই রণবীরের ভাষ্য। বাস্তব হিসেব কিন্তু অন্য কথা বলে। একা থাকা যদি এতই পছন্দের হতো, তাহলে কি সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ—একের পর এক নায়িকাদের সঙ্গে প্রেম করে বেড়াতেন তিনি? তবে কেন তাঁর এই নিঃসঙ্গতা! বলিউডে উঠেছে জোর গুঞ্জন, জ্যাকুলিন ফার্নান্দেজের মন গলানোর প্রকল্প হাতে নিয়েছেন এই ‘প্রেমিক পুরুষ’। জ্যাকু অবশ্য এখনো সাড়া দেননি। কে জানে, হয়তো সেই বিরহ কাটাতেই দুদণ্ড শান্তির খোঁজে নেমেছেন রণবীর। ফিল্মফেয়ার।