কেন কাজল নেই 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ?

করণ জোহরের প্রথম সিনেমার নায়িকা ছিলেন কাজল। এরপর তিনি যত ছবি নির্মাণ করেছেন, সেগুলোতে মূল চরিত্রে কাজলকে না নিলেও বিশেষ কোনো চরিত্র বা অতিথি হিসেবে অন্তত একটি দৃশ্যে রাখতেন তাঁকে। ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’—সব ছবিতেই কোনো না কোনো দৃশ্যে কাজল ছিলেন। ব্যতিক্রম শুধু এবারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। কেন নেই কাজল এই ছবিতে?
জানিয়ে রাখা ভালো, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও কাজলের স্বামী অজয় দেবগন অভিনীত ও পরিচালিত ছবি ‘শিবায়’ একই দিনে মুক্তি পাচ্ছে। একই দিনে বড় বাজেটের এই দুটি ছবির মুক্তির দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই কাজল আর করণের সম্পর্ক আর আগের মতো নেই।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজলের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘কেন নেই তিনি করণের নতুন ছবিতে?’ জবাবে কাজল বলেন, ‘বিষয়টি নিয়ে আমারও মন খারাপ, তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
‘শিবায়’ ছবিতে অভিনয় না করলেও স্বামীর সঙ্গে এর প্রচারে অংশ নিচ্ছেন কাজল। অবশ্য এখন পর্যন্ত এই ছবিটি পুরোটা দেখার সৌভাগ্য হয়নি তাঁর। কারণ, অজয় নাকি এখনো তাঁকে এটি দেখাননি। বলিউড বাবল।