কেন শাহরুখের মতো প্রেমিক মেলা কঠিন

সিনেমার শাহরুখ খান তো আর চোখের সামনে থাকেন না। তিনি যে চরিত্রে প্রাণ দেন, থাকেন তিনিই। অবশ্য সেখানে দুহাত বাড়িয়ে সেলুলয়েডের ছায়াপুরুষটি প্রেমিকাকে যেভাবে ডাকে, তার ভাষা, তার আবেগ, তার আকর্ষণ কখনো দিলওয়ালে দুলহানিয়ার রাজ, কুছ কুছ হোতা হ্যায়-এর রাহুল, বীর জারার বীর প্রতাপ সিং কখনো-বা রব নে বানা দে জোড়ির সুরিন্দর, কখনো কাল হো না হোর আমান হলেও তিনি তো শাহরুখ খানই। এককথায় বহুমাত্রিক এক আসমানছোঁয়া উচ্চতার প্রেমিকপুরুষ। কথা হলো বাস্তবে এই প্রেমিককে কি পাওয়া সম্ভব? প্রেমিকারা খুঁজে না পেলেও হবু প্রেমিকেরা কিন্তু শাহরুখের এসব প্রেমিক চরিত্রের ‘দোষ-গুণ’ নিজের করে নিতে পারেন। আর সম্ভবত আখেরে এতে ক্ষতির চেয়ে লাভই বেশি।
দিলওয়ালে দুলহানিয়ার ‘প্রিন্স চার্মিং’ রাজ
যেন রূপকথার বইয়ের পাতা থেকে নেমে আসা এক চরিত্র। মৃদুভাষী অথচ চঞ্চল, আবেগপ্রবণ অথচ লাজুক, দৃঢ় সংকল্প এই তরুণ শুধু মুখ ফুটে বলেছিল, ‘বড়ে বড়ে শহরও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি র্যাহতি হ্যায়, সিনোরিটা।’ ব্যস কালের খেয়ায় উঠে পড়ল সেই কথা। আর প্রজন্ম থেকে প্রজন্মে প্রেমিকাদের কানে তা ভাসতে থাকল। কিন্তু কথা রাখতে ছুটে আসা সংশপ্তক, মৃত্যুর মুখেও বড়র প্রতি শ্রদ্ধাশীল, ভারতীয় শিষ্টাচারের প্রতীক হয়ে ওঠা এই রোমান্টিক তরুণকে বুকে আগলে রাখা সিমরানদের কি দোষ দেওয়া যায়! বাস্তবের প্রেমিকাদের দীর্ঘশ্বাস দীর্ঘতর হয়। বাস্তবে তো আর রাজ মেলে না। বাস্তবের প্রেমিকের কাছে রাজকে খোঁজা তো আকাশের চাঁদ হাতে চাওয়ার মতোই।
প্রেম বন্ধুত্বই! কুছ কুছ হোতা হ্যায়-এর রাহুল
প্রেম বন্ধুত্বই! ঠিক কথা। কিন্তু কুছ কুছ হোতা হ্যায়-এর রাহুল যখন আমাদের জানায়, প্রেমের ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান বিষয়টি হচ্ছে বন্ধুত্ব। সিনেমা দেখতে বসে আমরা তাকে অকপটে বিশ্বাস করেছি; বাস্তবেও। আগে বন্ধুত্ব এরপর প্রেম—মনের মধ্যে গেঁথে আছে এই বোধ। রাহুলই বোধ হয় নতুন প্রজন্মের কাছে ‘সেরা বন্ধুকেই বিয়ে’ আর বেস্ট ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড আলাদা হতে হবে—এমন তত্ত্বকে উড়িয়ে সেখানে নতুন বোধের জন্ম দিয়েছিল। কুছ কুছ হোতা হ্যায়-এর ফিল্মি আবহ সরিয়ে রাহুল ঠাঁই করে নিয়েছিল বাস্তবের সব প্রেমিকার মনে। কিন্তু বাস্তবে রাহুল মেলে কি?
ধৈর্য, ধৈর্য, বীর জারার বীর
প্রেমে সফল হতে হলে, ‘বীর’ হতে হলে শেষ পর্যন্ত ধৈর্যশীল থাকতেই হবে। অন্তত ভালোবাসার মানুষটির কাছে না পৌঁছা পর্যন্ত। শাহরুখ খানের বীর জারার এই ‘বীর’ আজকের দুনিয়ার হ্রস্ব প্রেমের ক্ষীণায়ু স্মৃতির বিপরীতে নশ্বর প্রেমকে দীর্ঘায়ু হতে শেখায়। জারার যে প্রেমিকের জীবনকে আমরা দেখি জেলের অন্ধকার সেলে অপেক্ষায় আশাবাদী; বাস্তবে হালের দুনিয়ায় কিন্তু কফি ডেটের ৩০ মিনিটের বিলম্বে ভেঙে যায় প্রেম। সিনেমার বীর প্রতাপ সিংয়ের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। অন্তত প্রেমের জন্য কয়েক প্রহর কিংবা প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য ধৈর্য ধরার বিষয়টা কিন্তু কাজে আসতেও পারে। সবুরে মেওয়া ফলে—প্রেমিকেরা এ কথা না মানলেও মনে রাখতে পারেন। একটাই তো জীবন।
প্রেমে অন্ধ তাই চক্ষুষ্মান! সুরিন্দর
রব নে বানা দে জোড়ির সুরন্দর প্রেমে একবারে অন্ধ। কিন্তু সুরিন্দর ভালোবাসায় অন্ধ হয়ে প্রেমকে পাওয়ার জন্য কতো কিছুই না করে। এ যেন ভালোবাসার জন্য নতুন করে চক্ষুষ্মান হওয়া। প্রেমিকার জন্য সুরিন্দর নাচ শেখে, কুস্তি লড়ে। প্রেমিকার মুখে হাসি ফোটানোর জন্য নিরাপদ চার চাকার বাহন ফেলে বাইক চালানোর চেষ্টা করে। বাস্তবের সব হবু সুরিন্দরদের জন্য শাহরুখ পর্দায় যা করেন তার সবটুকু না করলেও চলবে। কিন্তু প্রেমিক চরিত্রের কাছে প্রেমিকারা শেষতক এমন সুরিন্দরই চান বোধ হয়। অথবা সুরিন্দরদেরই জয় হয়। জয়তু জীবন।