কেমন আছে সানির মেয়ে নিশা?

সবাই শুধু কথা বলছিল ফ্যাশন, ফ্যাশনের ধারা, সানির সাজপোশাক নিয়ে। মিষ্টভাষী সানি লিওন হেসে হেসে সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এরই মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে প্রশ্ন করা হয় তাঁকে, ‘নিশা কেমন আছে?’ সানি যেন একমুহূর্তেই ফ্যাশনকন্যা থেকে ফিরে যান আদর্শ মায়ের চরিত্রে। একটা তৃপ্তির হাসি দিয়ে বলেন, ‘খুব ভালো আছে। ও দারুণ মেধাবী। দ্রুত শিখে নিতে পারে সব। ওকে পেয়ে আমি খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে।’
গতকাল রোববার ল্যাকমে ফ্যাশন উইক ২০১৭ উইন্টার/ফেস্টিভের শেষ দিনে বলিউড অভিনেত্রী সানি লিওন হাঁটেন র্যাম্পে। সানির সঙ্গে ছিলেন ‘জিসম টু’ ছবিতে তাঁরই সহ-অভিনেতা রণদ্বীপ হুদা। দুজনেই পরেছিলেন স্প্ল্যাশ ব্র্যান্ডের পশ্চিমা ধাঁচের ককটেল পার্টি ড্রেস। র্যাম্প শোয়ের পর সানি ও রণদ্বীপ দুজনই স্প্ল্যাশের প্রতিষ্ঠাতার সঙ্গে অংশ নেন সংবাদ সম্মেলনে।
সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলন শেষে মিনিট খানেকের জন্য সানির সঙ্গে একান্তে আলাপ হয়। তখন নিশার ব্যাপারে দারুণ আগ্রহ নিয়ে তিনি বলেন, ‘ওর সবকিছুই হয় সময়মাফিক। এখন কয়টা বাজে? ছয়টা? এখন ওর খেলার সময়। সন্ধ্যার নাশতা শেষে ও লম্বা সময় খেলা করে। আজ ওর সঙ্গে আছে ড্যানিয়াল (সানির স্বামী)। আমরা খুব চেষ্টা করি নিশার সঙ্গে সব সময় দুজনের কোনো একজন থাকতে।’
গত মাসেই খবর পাওয়া যায়, এক অনাথ শিশুকে দত্তক নিয়েছেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়াল ওয়েবার। ২১ মাস বয়সী ওই মেয়ের নাম নিশা। এ খবর প্রকাশের পরপরই সানির মেয়ের ছবিও প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। তবে জনসমক্ষে এত দিন নিশাকে নিয়ে তেমন কিছু বলেননি সানি। অবশেষে প্রথম আলোর প্রশ্নের পর মেয়েকে নিয়ে সংবাদ সম্মেলনে গর্বিত মা সানি মুখ খুললেন।