কেমন আছেন সোনাক্ষী?

কেমন আছেন সোনাক্ষী? এমন প্রশ্ন শুনে অনেকে পাল্টা প্রশ্ন করে বলতে পারেন, হঠাৎ এ প্রশ্ন? শত্রুঘ্ন তনয়া বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা গত বছর দিব্যি ব্যস্ত ছিলেন। শুটিং, রিয়েলিটি শোতে হাজির হওয়া, ছবির জন্য প্রচারের কাজ—একা একা এত কিছু নিয়ে তাঁর যেন দম ফেলারও ফুরসত ছিল না। কিন্তু এ বছরের শুরু থেকে সেই সোনাক্ষী যেন বেশ আয়েশি এক অবসর সময়ই কাটাচ্ছেন। অনেকে বলছেন, ‘নেই কাজ তো খই ভাজ’। কিন্তু সেই অকাজেও যেন আগ্রহ পাচ্ছেন না সোনাক্ষী। তবে কি কোনো বিপদে আছেন এই অভিনেত্রী?
কাজের মানুষ বসে থাকলেও বিপদ। তা এক ধরনের বিপদ বৈকি! মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সোনাক্ষীর নতুন ছবি ‘ফোর্স টু’-এর শুটিংয়ের অনুমতি দেয়নি চীন। কাজেই ঝুলে আছে এ ছবির শুটিং। এদিকে সোনাক্ষীর ‘হাসিনা’ ছবির কাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কাজেই সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় এখন সোনাক্ষীর হাতে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোনাক্ষীর প্রিয় বিষয় নাকি এখন সেলফি তোলা। এখানে সেখানে সেলফি তুলেই সময় পার করছেন সোনাক্ষী। আর বাদ বাকি সময়টুকু বিভিন্ন অনুষ্ঠানে, ছবির প্রিমিয়ারে ও ছবি দেখেই পার করার চেষ্টা করছেন বলিউডের এই তারকা অভিনেত্রী।
প্রসঙ্গত; সোনাক্ষী সিনহার প্রথম ছবি ছিল ‘দাবাং’ আর প্রথম নায়ক সালমান খান। বলিউডে যেন ঝড় তুলেই তাঁর উপস্থিতি জানান দিয়েছিলেন সোনাক্ষী সিনহা। চলচ্চিত্রে তাঁর অভিষেক রীতিমতো রাজকীয়ভাবেই হয়েছিল। এরই মধ্যে বলিউডে তাঁর জায়গাটাও বেশ পাকাপোক্ত হয়ে গেছে। মিড-ডে।