কোলাভেরি গায়ক এখন পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানুশ
ধানুশ

 ‘হোয়াই দিজ কোলাভেরি ডি’ গানটির কথা মনে আছে? শুধু তামিলনাড়ু নয়, ভারতজুড়ে জনপ্রিয় হয় গানটি। অভিনেতা ধানুশ গানটি দিয়ে গায়ক হয়ে উঠেছিলেন। আসছে নতুন খবর। এবার পরিচালকের চেয়ারেও বসতে যাচ্ছেন দক্ষিণী এ তারকা।
অনেক দিন ধরেই গুঞ্জন ছিল পরিচালনায় আসবেন দক্ষিণী এ তারকা। বিভিন্ন সাক্ষাৎ​কারেও তিনি এ কথা বলেন। কিন্তু ঠিক সময়টি যেন ধরা পড়ছিল না। অবশেষে বুঝি সেই সময় এল। পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। ধানুশ পরিচালিত ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন রাজ​কিরন। ছবির নাম ‘পাওয়ার পান্ডি’। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘হ্যাঁ, ধানুশের পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে। ছবিতে মূল চরিত্র করবেন রাজ​কিরন। ধানুশের বাবার পরিচালনায় প্রথম ছবিতেও অভিনয় করেছিলেন এ তারকা। বাবার প্রথম ছবির তারকা তাঁরও প্রথম ছবিতে অভিনয় করেছেন। তাই বিষয়টি ধানুশের পরিবারের জন্য আবেগী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরও একটি দারুণ বিষয় হলো চলচ্চিত্রে এ বছর পার হবে রাজকিরনের ২৫তম বছর। সুতরাং পুরো ছবির কারিগর দল বেশ রোমাঞ্চিত।’

মজার বিষয় হলো, ধানুশের বাবা কস্তুরি রাজা তাঁর প্রথম ​ছবিতেই সাফল্য পেয়েছিলেন। ‘এন রাসভিন মানাসিল’ দক্ষিণে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এখন দেখার বিষয় ছেলের ছবিতে রাজকিরনের ভাগ্যের শিকে ছেঁড়ে কি না। সূত্র অনুযায়ী, ছবিটি হবে রোমাঞ্চকর ও কৌতুকপূর্ণ। প্রসন্ন অভিনয় করবেন রাজকিরনের ছেলে হিসেবে।
বলিউড লাইফ