কোয়েলহোকে শাহরুখের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

কোনটি দিয়ে শুরু করবেন? ডন, ওম শান্তি ওম কিংবা রা ওয়ান—এসবের মতো মসলাদার ‘খাবার’ আছে। চাক দে! ইন্ডিয়া কিংবা স্বদেশ-এর মতো ভিন্নধারার গল্প; ‘মাথার ওপর দিয়ে চলে যাওয়া’ অশোকাও। পাওলো কোয়েলহো বেশ ঝামেলায় আছেন। সাহায্য চাইছেন আপনার।

পাওলো কোয়েলহো
পাওলো কোয়েলহো

শাহরুখ খানের মাই নেম ইজ খান দেখার পর আলকেমিস্ট-খ্যাত ব্রাজিলের এই সাহিত্যিক নিজের মুগ্ধতা লুকোতে পারেননি (বলে রাখা ভালো, কোয়েলহোর আলকেমিস্ট পৃথিবীর ৬৭–এরও বেশি ভাষায় অনূদিত হয়েছে)। ফুলঝুরি প্রশংসা করে টুইট করেছিলেন। ইউরোপে বসে আবারও যেন ছয় বছর পর বলিউডের ছবি দেখতে না হয়, জানিয়েছিলেন সেই ইচ্ছার কথাও।
কোয়েলহোর সেই ইচ্ছা পূরণে শাহরুখ পাঠিয়ে দিয়েছেন তাঁর বেশ কিছু ছবির ডিভিডি। ৮০টির বেশি ছবি করেছেন শাহরুখ। সব তো আর পাঠানো যায় না। তবে বুদ্ধি করে শাহরুখ এমন সব ছবি পাঠিয়েছেন, যাতে বলিউডের পুরো স্বাদ কোয়েলহো চেখে দেখতে পারেন।
কিন্তু চেখে দেখার শুরুটা কী দিয়ে? শাহরুখের পাঠানো ডিভিডিগুলোর ছবি তুলে কোয়েলহোর টুইট, ‘সোমবার সকালেই অসাধারণ উপহার। শাহরুখ, কোত্থেকে শুরু করব?’ শাহরুখ নিজে সমাধান না দিয়ে টুইট করেছেন, ‘আপনারা ওনাকে বলে দিন না কোনটি উনি প্রথমে দেখবেন?’