
‘ও এত দিন কেন চুপ করে ছিল? ১০ বছর ধরে কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি৷ এখন এত কথা ফুটছে ওর মুখে?’ তনুশ্রী দত্তকে নিয়ে বলেছেন বলিউডের বিতর্কিত নায়িকা রাখি সাওয়ান্ত। আর এবার তনুশ্রী বললেন, এই পুরো সময়টায় তিনি আধ্যাত্মিক জগতে ডুবে ছিলেন। প্রয়োজন ছাড়া বাইরের কারও সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। কঠিন সময়টাকে ভুলে শান্তি পাওয়ার জন্য তিনি বেছে নিয়েছিলেন ধ্যান আর প্রার্থনা। এ সবই তাঁকে নতুন কিছু করার শক্তি জুগিয়েছে। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে তেমনটাই জানালেন ২০০৪ সালের ‘মিস ইন্ডিয়া’ ও একসময়ের বলিউড তারকা তনুশ্রী দত্ত।
নানা পাটেকারের মতো শক্তিমান অভিনেতার বিরুদ্ধে লড়তে গিয়ে ক্লান্ত তনুশ্রী দত্ত। খুবই অসুস্থ। বললেন, ‘আমার গলা ভেঙে গেছে। কণ্ঠ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। গত কয়েক দিন বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে অনেক কথা বলতে হয়েছে। আমি জানি, যে লড়াই শুরু করেছি, তা থেকে ফেরার উপায় নেই। এই লড়াই শুধু আমার একার জন্য করছি না। বলিউডের সব নারী কর্মীর জন্য এই লড়াই, যারা এখনো মানুষরূপী এই পশুদের হাতে নির্যাতিত হচ্ছে। আমাকে লড়তে হবে, তার আগে আমাকে সুস্থ হতে হবে। এর জন্য একটু সময় দরকার।’
এদিকে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আজ তনুশ্রী দত্ত বলেছেন, রাজ থ্যাকারের নেতৃত্বাধীন মৌলবাদী সংগঠন মহারাষ্ট্র নভনির্মাণ সেনার (এমএনএস) কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন। নানা পাটেকারের বিরুদ্ধে তিনি যেসব অভিযোগ করছেন, তা থেকে তাঁকে সরে আসতে বলা হয়েছে। তিনি আশঙ্কা করছেন, তাঁর ওপর সহিংস হামলা হতে পারে। তাই পুরো ব্যাপারটি তিনি মুম্বাই পুলিশকে জানিয়েছেন। মুম্বাই পুলিশের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি।
তনুশ্রী দত্তের অভিযোগ নিয়ে বলিউডে এখন তোলপাড় হচ্ছে। চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিনি। ভারতের টিভি চ্যানেল নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ ছবি করতে গিয়ে নানা পাটেকার তাঁকে যৌন হেনস্তা করেছেন।
নানা পাটেকারের সঙ্গে তাঁর ঘটে যাওয়া ঘটনার জের ধরে প্রায় দেশান্তরিই হয়েছিলেন তনুশ্রী। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। ফিরে এসে জানালেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির এক আইটেম গানে কাজ করার কথা ছিল। নানা পাটেকার সে সময় খারাপ আচরণ করেছিলেন তাঁর সঙ্গে। কোরিওগ্রাফার গণেশ আচার্য আর পরিচালক রাকেশ সারাঙ্গ তাঁকে ব্যাপারটি চেপে যেতে বলেছিলেন। নানা পাটেকার অনুচিতভাবে গায়ে হাত দিতে চাইলে তিনি কেন চেপে যাবেন? শুটিং থেকে চলে এসেছিলেন তিনি। এ জন্য একদল লোককে দিয়ে তাঁর গাড়িতে হামলাও চালানো হয়। সে সময় তাঁর গাড়িতে মা-বাবাও ছিলেন। এর পর নিজের নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্রে চলে যান তনুশ্রী দত্ত।
এদিকে তনুশ্রী দত্তকে গতকাল সোমবার আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকার। এই আইনি নোটিশের ব্যাপারে আইনজীবী রাজেন্দ্র শিরোধকর ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নানা পাটেকারকে নিয়ে গত কয়েক দিন তনুশ্রী দত্ত যত অভিযোগ করেছেন, সবই মিথ্যা। নোটিশে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। যেহেতু তনুশ্রী দত্ত মিথ্যা অভিযোগ করে নানা পাটেকারের ইমেজের ক্ষতি করেছেন, এর জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর তনুশ্রী দত্ত বলেছেন, কোনো আইনি নোটিশ তিনি পাননি।
এবার তনুশ্রী দত্তের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের নির্মাতা আর অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন আশা ভোসলে, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, টুইঙ্কল খান্না, পরিণীতি চোপড়া, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, রাভিনা টেন্ডন প্রমুখ। সবাই এ ঘটনার প্রতিবাদ করছেন, কথা বলছেন, ভুক্তভোগীকে মানসিক ও শারীরিকভাবে সমর্থন দিচ্ছেন। সবার সমর্থন পেয়ে খুশি তনুশ্রী দত্ত। তবে তিনি বলেছেন, ‘শুধু সমর্থন করে বা মুখ খুলে এ ধরনের অপরাধ আটকানো যায় না। তা বন্ধ করতে নানা পাটেকারের মতো অভিনেতা আর পরিচালকের সঙ্গে কাজ বন্ধ করতে হবে। তা না হলে এই সমর্থন করে কোনো ফল পাওয়া যাবে না।’