ক্যাটকে ছাড়াই রণবীরের বড়দিন উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন উপলক্ষে কৃষ্ণরাজ বাংলো বাড়িতে আয়োজিত পার্টিতে (বাঁ–দিক থেকে) আলিয়া ভাট, রণবীর কাপুর, কারিনা কাপুর খান, কিয়ান রাজকাপুর, কারিশমা কাপুর ও সামায়রা
বড়দিন উপলক্ষে কৃষ্ণরাজ বাংলো বাড়িতে আয়োজিত পার্টিতে (বাঁ–দিক থেকে) আলিয়া ভাট, রণবীর কাপুর, কারিনা কাপুর খান, কিয়ান রাজকাপুর, কারিশমা কাপুর ও সামায়রা

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম এখন খোলা বইয়ের পাতার মতোই। কেবল অপেক্ষা, কবে তাঁরা জনসমক্ষে তাঁদের প্রেমের ঘোষণা দেন। কথা ছিল, কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে এবারের বড়দিন উদযাপন করবেন ক্যাটরিনা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তিনি লন্ডনে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন। আর ক্যাটকে ছাড়াই মহা ধুমধামে মুম্বাইয়ের পালি হিল এলাকায় কৃষ্ণরাজ বাংলো বাড়িতে বড়দিন উদযাপন করেছেন রণবীর। কাপুর পরিবারের সদস্যরা ছাড়াও বলিউডের অনেক রথী-মহারথীই হাজির ছিলেন সেখানে।
আগেই ঘটা করে এবারের বড়দিন উদযাপনের পরিকল্পনা করেছিলেন রণবীর। এ জন্য নিজেদের বাড়িতে জমকালো পার্টির আয়োজন করেন তিনি। সেখানে প্রেমিকা ক্যাটরিনার থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে পিঠটান দেন ক্যাট। তিনি মা ও বোনদের সঙ্গে বড়দিন উদযাপন করতে লন্ডন উড়াল দেন। শেষ পর্যন্ত প্রিয়তমাকে ছাড়াই বড়দিন উদযাপন করেন রণবীর। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।

এক গাড়িতে চেপে কৃষ্ণরাজ বাংলো বাড়িতে আয়োজিত পার্টিতে যান স্টুডেন্ট অব দ্য ইয়ার তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট
এক গাড়িতে চেপে কৃষ্ণরাজ বাংলো বাড়িতে আয়োজিত পার্টিতে যান স্টুডেন্ট অব দ্য ইয়ার তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট


জমকালো পার্টিতে বলিউডের বেশ কয়েকজন নির্মাতা ও তারকাকে আমন্ত্রণ জানান রণবীর। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, অয়ন মুখার্জি, অনুরাগ কশ্যপ, সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুরসহ আরও অনেকে।
এ ছাড়া কাপুর পরিবারের বেশির ভাগ সদস্যই হাজির ছিলেন পার্টিতে। তাঁদের মধ্যে ছিলেন ঋষি কাপুর, নিতু সিং, কারিনা কাপুর খান ও তাঁর স্বামী সাইফ আলী খান, কারিশমা কাপুর এবং তাঁর দুই সন্তান সামায়রা ও কিয়ান রাজ কাপুর, রণবীরের বোন রিধিমা এবং তাঁর স্বামী ভারত শনি ও মেয়ে সামারা, রণবীরের ফুপু রীমা এবং তাঁর দুই ছেলে আরমান ও আদর জৈন, রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা, শাম্মী কাপুরের স্ত্রী নীলা দেবী প্রমুখ।
পাঁচ বছর ধরে প্রেম করার পর কিছুদিন আগে মুম্বাইয়ের কার্টার রোডের একটি ফ্ল্যাটে উঠেছেন রণবীর ও ক্যাটরিনা। কবে তাঁরা বিয়ে করে থিতু হবেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে তাঁদের ভক্তদের মধ্যে।
গত নভেম্বর মাসে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবিতে ক্যাটরিনা থাকলেও পরে তাঁকে কেটে বাদ দিয়ে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন নিতু সিং। এর পরিপ্রেক্ষিতে খবর চাউর হয়, তবে কি ক্যাটকে পরিবারের সদস্য ভাবতে পারছেন না রণবীরের মা নিতু! এ ছাড়া দিন কয়েক আগে তিনি রণবীর-ক্যাটরিনার বিয়ে নিয়ে সংশয় প্রকাশ করেন। এবার বড়দিনের জমকালো পার্টিতে হঠাৎ করে ক্যাটরিনার অনুপস্থিতি নতুন করে প্রশ্নের জন্ম দিল। শেষ পর্যন্ত ক্যাটরিনা আনুষ্ঠানিকভাবে বলিউডের প্রভাবশালী কাপুর খানদানের সদস্য হতে পারবেন তো? সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর।
আরও পড়ুন