ক্যাটরিনার আংটি কী বলে!

একটা সময় মুম্বাই শহরে জোর গুঞ্জন ছিল ক্যাটরিনা আর রণবীর কাপুর নাকি মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টে থাকছেন! এরপর খবর এল নববর্ষটা বিলেতে একই সঙ্গে কেটেছে দুজনের! শুধু তা-ই নয়, এই সুযোগে রীতিমতো আংটি বদলও সেরেছেন তাঁরা। কিন্তু হলে হবে কী! আনুষ্ঠানিকভাবে তো এখনো বাগদানের ঘোষণা দেননি বলিউডের বহুল আলোচিত এই জুটি। আবার আংটি বদলের খবর চাউর হওয়ার পরে এ নিয়ে ক্যাটের উষ্মাও ছিল দেখার মতো। কিন্তু ক্যাটরিনার হাতের হীরার আংটির রহস্যটা তাহলে কী? সাম্প্রতিক এক অনুষ্ঠানে ক্যাটের হাতে হীরার আংটিটি দেখা যাওয়ার পর থেকেই এ নিয়ে বলিউডে শুরু হয়েছে নতুন শোরগোল। খবর এনডিটিভির।
ক্যাট-রণবীরের সম্পর্ক নিয়ে গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে এই হীরার আংটি। শনিবার মুম্বাই পুলিশের এক বার্ষিক অনুষ্ঠানে ‘চিকনি চামেলি’ গানের সঙ্গে নেচেছেন ক্যাটরিনা। পরিচালক করণ জোহর ক্যাটরিনাকে মঞ্চে নিয়ে আসেন। এ সময় ক্যাটরিনার হাতে জ্বলজ্বল করছিল মণি-মাণিক্যখচিত বিশাল আংটিটি। অনুষ্ঠানের পরপরই গণমাধ্যমে ক্যাটের আংটি রহস্য নিয়ে খবর প্রকাশিত হয়।
অনেকেই মন্তব্য করেছেন, এ হয়তো ক্যাটরিনার বাগদানেরই আংটি। কিন্তু এনডিটিভির খবরে জানানো হয়েছে, একই অনুষ্ঠানে রণবীর কাপুর অংশ নিলেও তাঁর হাতে কোনো আংটি দেখা যায়নি।