ক্যাটরিনার ঔদার্য

মোহিত সুরির হাফ গার্লফ্রেন্ড ছবির প্রধান অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু এই চরিত্রের জন্য নির্মাতা প্রথমে প্রস্তাব দিয়েছিলেন ক্যাটরিনা কাইফকে। ছবির গল্প বেশ পছন্দও হয়েছিল ক্যাটের। কিন্তু তিনিই নাকি মোহিতকে তাঁর পরিবর্তে অন্য কোনো নায়িকা নেওয়ার পরামর্শ দেন। ছবির চিত্রনাট্য ভালো লাগার পরও ক্যাট কেন এই ছবিতে অভিনয় করলেন না? সম্প্রতি পাওয়া গেছে সেই প্রশ্নের উত্তর।
হাফ গার্লফ্রেন্ড ছবির অভিনেতা অর্জুন কাপুর। ক্যাটরিনার ধারণা, পর্দায় অর্জুনের পাশে তাঁকে বেশি বয়স্ক দেখাবে। যদিও বাস্তবে ক্যাট এই নায়কের থেকে দুই বছরের বড়। সম্প্রতি মুক্তি পাওয়া বার বার দেখো ছবিতে সিদ্ধার্থ মালহোত্রাকে ক্যাটের পাশে বেশি ছোট লেগেছে বলে মনে করছেন অনেকেই। অর্জুন আর সিদ্ধার্থ সমবয়সী তারকা।
আর তাই ছবির স্বার্থে ক্যাটরিনা নিজে থেকেই নির্মাতাকে নায়িকা বদলের পরামর্শ দেন। ক্যাটরিনার এমন ঔদার্যে মুগ্ধ হয়ে গেছেন মোহিত। আর মুগ্ধ হবেনই বা না কেন? পছন্দের চরিত্রে কাজ করার লোভ সংবরণ করে যে অভিনেত্রী তাঁর জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে নেওয়ার পরামর্শ দেন, তিনি তো অবশ্যই বড় মনের মানুষ।
মোহিত সুরিও অবশ্য নায়িকার এই আচরণে মুগ্ধ হয়ে তাঁকে কথা দিয়ে এসেছেন যে তাঁর পরবর্তী ছবিতে আকর্ষণীয় কোনো চরিত্রে ক্যাটরিনাকে নেবেন। হাফ গার্লফ্রেন্ড ছবিটি চেতন ভগতের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। এটি মুক্তি পাবে ২০১৭ সালের মে মাসে। বলিউড বাবল।