ক্যাটরিনার ছবি কাটলেন নিতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে প্রকাশিত ছবিতে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে ক্যাটরিনা কাইফ (বাঁ দিক থেকে প্রথম)
টুইটারে প্রকাশিত ছবিতে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে ক্যাটরিনা কাইফ (বাঁ দিক থেকে প্রথম)

সম্প্রতি রণবীরের মা নিতু সিং অদ্ভুত এক কাণ্ডই ঘটিয়েছেন। রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবিতে ক্যাট থাকলেও তাঁর ছবি কেটে বাদ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিতু। তাঁর এই কাণ্ডের পর গুঞ্জন উঠেছে, তবে কি তিনি ক্যাটকে পরিবারের সদস্য ভাবতে পারছেন না! 

রণবীর কাপুর ও তাঁর সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের পেছনে কলকাঠি নেড়েছিলেন রণবীরের মা নিতু সিং। গত বছর এমন খবরে তোলপাড় সৃষ্টি হয় বলিউডে। রণবীর অবশ্য বিষয়টিকে অস্বীকার করেন। তিনি জানান, বিচ্ছেদ তাঁর ও দীপিকার সিদ্ধান্তেই ঘটেছিল। এবার রণবীর-ক্যাটের প্রেম যখন পূর্ণতার পথে ঠিক তখনই অদ্ভুত এমন কাণ্ড ঘটালেন নিতু। কেন তিনি ক্যাটের ছবি কেটে বাদ দিলেন তা জানা না গেলেও গুঞ্জন উঠেছে, সম্ভবত রণবীরের সঙ্গে ক্যাটরিনার একসঙ্গে বসবাসের বিষয়টিকে ঠিক সহজভাবে নিতে পারছেন না নিতু।

রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবিতে ক্যাটরিনা থাকলেও তাঁর ছবি কেটে বাদ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন নিতু সিং
রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবিতে ক্যাটরিনা থাকলেও তাঁর ছবি কেটে বাদ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন নিতু সিং


সম্প্রতি রণবীরের কাজিন নিতাশার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে রণবীরের পরিবারের চারজন সদস্যের সঙ্গে ছবি তোলেন ক্যাটরিনা। এক ভক্ত ছবিটি টুইটারে পোস্ট করেন। ছবিটিতে দেখা যায়, নিতুর বাঁ পাশে পেছনের দিকে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা। পরে ওই একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নিতু। কিন্তু ছবিটিতে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়নি ক্যাটকে। কারণ, ক্যাটরিনার ছবি কেটে বাদ দিয়ে সেটি পোস্ট করেন নিতু। এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিতু এই কাণ্ড ঘটানোয় সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে নানা কানাঘুষা চলছে। অনেকেই প্রশ্ন করেছেন, ক্যাটরিনা ও নিতুর মধ্যে কি সম্পর্ক ভালো যাচ্ছে না? আবার কেউ কেউ মন্তব্য করেছেন, রণবীর তাঁর মায়ের প্রচণ্ড ভক্ত। সত্যি সত্যিই নিতুর সঙ্গে ক্যাটের দূরত্ব তৈরি হলে নিঃসন্দেহে তার নেতিবাচক প্রভাব পড়বে রণবীর-ক্যাটরিনার সম্পর্কে।
অবশ্য বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতেও দেখছেন অনেকে। তাঁদের মতে, রণবীর-ক্যাটরিনার ব্যক্তিগত জীবনে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতেই এই কৌশল নিয়েছেন নিতু। তিনি ক্যাটের ছবি কেটে বাদ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করায় সব মিলিয়ে ভালোই ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এই রহস্যের জট কবে খোলে, সেটিই এখন দেখার বিষয়।