ক্যাটরিনার জন্মদিনে রণবীরের পরিকল্পনা

আর মাত্র পাঁচ দিন পর ক্যাটরিনা কাইফের ৩২তম জন্মদিন, ১৬ জুলাই। এরই মধ্যে দীর্ঘদিনের প্রেমিকা ও সঙ্গী ক্যাটকে নিয়ে বিশেষ দিনটি উদ্যাপনের পরিকল্পনা করে ফেলেছেন ‘বরফি’ তারকা রণবীর কাপুর। দিনটিকে স্মরণীয় করে রাখতে মুম্বাইয়ের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে ক্যাটের সঙ্গে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন ৩২ বছর বয়সী রণবীর। গন্তব্য ঠিক না হলেও, সাগর তীরবর্তী কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এ জুটির।
এই মুহূর্তে ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন রণবীর-ক্যাটরিনা। ক্যাটের জন্মদিন উপলক্ষে এই ব্যস্ততা থেকে ছুটি নিয়ে গোয়া কিংবা আলিবাগ যাওয়ার পরিকল্পনা করেছেন রণবীর। এ যাত্রায় তাঁদের সঙ্গী হবেন রণবীরের সবচেয়ে কাছের বন্ধু নির্মাতা অয়ন মুখার্জি।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৫ জুলাই মুম্বাই ছাড়বেন রণবীর, ক্যাটরিনা ও অয়ন। ফিরবেন ১৮ জুলাই। কোথায় যাবেন তা এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও, গোয়া কিংবা আলিবাগ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রণবীর-ক্যাটরিনা। বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরি খেলার পর অবশেষে গত বছরের শেষদিকে এক বাড়িতে ওঠে এ জুটি। এখন এক ছাদের নিচেই থাকছেন তাঁরা। আগামী বছর বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের।