ক্যাটরিনার ভিন্ন সুর!

সাধারণত নিজের অভিনীত ছবি দেখার জন্য বেশির ভাগ তারকাই দর্শক ও ভক্তদের অনুরোধ করেন। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন সুরেই কথা বললেন ‘ব্যাং ব্যাং’ তারকা ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, অভিনয়ের সমালোচনা তিনি কীভাবে নেন। জবাবে চাঁচাছোলা মন্তব্যে তিনি বলেন, ‘আমার ছবি যাঁদের ভালো লাগে না, দয়া করে তাঁরা ছবি দেখতে যাবেন না। আর যদি পছন্দ করেন তাহলে ছবি দেখতে যান এবং তা উপভোগ করুন। আমার ছবি দেখার জন্য কাউকে জোর করছি না আমি।’
ক্যাটরিনার এমন চাঁচাছোলা মন্তব্যের পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, একটা সময়ে ছবির দৃশ্যে ভালো অভিব্যক্তি দিতে না পারার জন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্যাটকে। কিন্তু ধীরে ধীরে তিনি ছবির দৃশ্যে ঠিকমতো অভিব্যক্তি দিতে না পারার সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছেন এবং বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন।
এ ছাড়া ক্যাট বলেন, ‘আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে অনেক নেতিবাচক আবেগ ও সমালোচনার মুখোমুখি হতে হয় আমাদের। কিন্তু আমি নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন মন্ত্রে বিশ্বাস করি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে এখন পর্যন্ত কোনো পুরস্কার অর্জন করতে পারেননি ক্যাটরিনা। এ বিষয়ে জানতে চাইলে ক্যাট বলেন, ‘এই প্রশ্নটি আমি একবার সালমান খানকেও করেছিলাম। “দাবাং” ছবির আগে তিনি সেই অর্থে কোনো পুরস্কার পাননি। তার পরও হিন্দি চলচ্চিত্র শিল্পের অনুকরণীয় একজন শিল্পী তিনি। সেলিম স্যার আমাকে বলেছিলেন, স্রোতের বিপরীতে হাঁটলেই কেউ খারাপ হয়ে যায় না।’
ক্যাট আরও বলেন, ‘মাঝেমধ্যে মানুষ এমন কিছু ছবি বানায় যা সত্যিই ভিন্নধর্মী। শুধু ভিন্নতা আনার জন্যই এ ধরনের ছবি বানানো হয়। কিন্তু আমি বিশ্বাস করি, শুধু ভিন্ন ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যেই ভিন্নধর্মী ছবিতে অভিনয় করা উচিত নয়। যে ধরনের কাজ করে আপনি সফলতা পাচ্ছেন, লজ্জায় সে পথে হাঁটা বন্ধ করা ঠিক হবে না। আপনা-আপনিই হাতে কাজ আসবে এবং সেই কাজই আপনার পথ বাতলে দেবে।’