ক্যাটরিনার ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

বলিউডের অনেক ছবিতেই দুর্দান্ত সব মারপিটের দৃশ্যে স্টান্ট ছাড়াই অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ‘এক থা টাইগার’ কিংবা ‘ফ্যান্টম’ ছবিতে ‘বডি ডাবল’ বা স্টান্টম্যান ব্যবহার না করে নিজেই অংশ নিয়েছেন শুটিংয়ে। অনেক ছবিতেই ট্রাপিজের রিংয়ে ঝুলে, অনেক উঁচু থেকে লাফিয়ে; গান গেয়ে নেচেছেনও দারুণ। আর এসব দৃশ্যের শুটিংয়ের জন্য মহড়ায় কম কষ্ট করতে হয়নি তাঁকে। গেছো মেয়ে কিংবা ডাকাবুকো বলেও পরিচিতি হয়েছিল এই বলিউড কন্যার। কিন্তু সম্প্রতি বলিউডলাইফ ডটকমকে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা যা জানিয়েছেন তাতে ছবির স্টান্ট করতে তিনি যে ইদানীং ভয় পাচ্ছেন; তা স্পষ্ট ফুটে উঠেছে।
ক্যাটরিনা এ প্রসঙ্গে জানিয়েছেন, এ ধরনের দৃশ্যগুলোর জন্য একজন সেফটি ডিরেক্টরের বা নিরাপত্তাবিষয়ক পরিচালকের খুব প্রয়োজন। যিনি সার্বিকভাবে শুটিংয়ের সময় নিরাপত্তার বিষয়টির প্রতি খেয়াল রাখবেন, তা নিশ্চিত করবেন।
অভিনেতা হৃতিক রোশনের এক ঘটনার কথা উল্লেখ করে ক্যাটরিনা জানিয়েছেন, হৃতিক তাঁকে বলেছেন; একবার কৃশ ছবির শুটিংয়ের সময় একটি স্টান্ট দৃশ্যের একপর্যায়ে কেবল বা তার ছিঁড়ে গিয়েছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন হৃতিক। স্টান্ট এর আতঙ্ক বা ভয় যে তাঁকেও পেয়ে বসেছে সেটা বলিউডের এই জনপ্রিয় তারকা স্পষ্ট করেই জানিয়েছেন। জানিয়েছেন বিষয়টা আসলেই ভীতিকর।
বলিউডে সালমান খানের হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা কাইফ। একটা সময়ে দারুণ প্রেমও ছিল দুজনের মধ্যে। কিন্তু সাফল্য পাওয়ার পর সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক গড়েন ক্যাটরিনা। বিচ্ছেদের পর দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি সালমান-ক্যাটরিনা জুটিকে। অবশেষে, ২০১২ সালে এ জুটিকে আবারও পর্দায় ফিরিয়ে আনেন নির্মাতা কবির খান। তাঁর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান-ক্যাটরিনা। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল।